পালানোর পথ খুঁজছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ
চাকরি হারানোর ভয় নেই তার, বরং আস্থা রাখছেন নিজের কোচিং সামর্থ্যের ওপর।
চাকরি হারানোর ভয় নেই তার, বরং আস্থা রাখছেন নিজের কোচিং সামর্থ্যের ওপর।
৪০তম জন্মদিনের ঠিক আগে হুবেন আমুরি বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে দুই মাসেই তার বয়স বেড়ে গেছে বছর দশেক। এরপর পেরিয়ে গেছে আরও তিন সপ্তাহ। দলের এখন যা পারফরম্যান্স, তাতে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হওয়ার কথা কোচের। তবে আমুরি এখনই রণেভঙ্গ দিচ্ছেন না। বরং ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নিজের সামর্থ্যে আস্থা রাখছেন ইউনাইটেড কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে তাদের টানা দ্বিতীয় পরাজয় এটি। চলতি লিগেই গত সেপ্টেম্বরে ইউনাইটেডের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছিল টটেনহ্যাম। ৩৫ বছর পর তারা একই লিগে ইউনাইটেডকে হারানোর স্বাদ পেল দুবার। ইউনাইটেডের বিব্রত হওয়ার শেষ নয় এখানেই। ৫১ বছরের মধ্যে প্রথমবার, শীর্ষ লিগে প্রথম ২৫ ম্যাচের ১২টিতেই হেরে গেল তারা। লিগে বাজে শুরুর পর চাকরি হারিয়েছিলেন এরিক টেন হাগ। আমুরি কোচ হয়ে আসার পর অবস্থান আরও সঙ্গীন। পর্তুগিজ এই কোচের তত্ত্বাবধানে লিগের ১২ ম্যাচের ৮টিতে হেরে গেল ইউনাইটেড। আমুর ম্যাচের পর বললেন, এই পরাজয়ও তার জন্য একটি শিক্ষা। দুঃসময়কে আলিঙ্গন করেই তিনি আশা দেখাচ্ছেন নতুন দিনের। “আপনারা যা দেখছেন, প্রতি সপ্তাহে যা আলোচনা করছেন, আমিও তো সেসবই দেখছি। আমার সমস্যার শেষ নয়। কাজটা এখানে ভীষণরকমের কঠিন। তবে আমি নিজের বিশ্বাসে অটল থাকি।” “সময়ের সঙ্গে লোকে সমৃদ্ধ হয় ও অনেক কিছু শিখতে পারে। আমাদের স্রেফ এটির মুখোমুখি হতে হবে, পালিয়ে যাওয়া চলবে না। আমার ভাবনা এরকমই। আজকের দিনটি কষ্ট দেবে, এত এত ম্যাচ হেরে যাওয়াটা খুবই বেদনাদায়ক। তবে এক সপ্তাহেই আবার চিত্র বদলে যেতে পারে।” চোট সমস্যায় আগে থেকেই জর্জর ইউনাইটেড এই ম্যাচের আগে হজম করে আরেকটি বড় ধাক্কা। এই মৌসুমে যে দু-একজনের পারফরম্যান্সে আশার আলো দেখছিল তারা, তাদের কেজন আমাদ দিয়ালো ছিটকে যান মাঠের বাইরে। চোটের কারণে কবি মেইনু ও মানুয়েল উগার্তেকে হারিয়ে তাদের শক্তি কমে গেছে অনেকটা। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে বদলি তালিকায় আটজন ফুটবলার ছিলেন, যাদের বয়স অনূর্ধ্ব-১৯। তবে এসবকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না আমুরি। দুর্ভাগ্যের থাবাকেও তিনি বড় করে দেখছেন না। পারফরম্যান্স দিয়েই সৌভাগ্য আদায় করার নীতিতে বিশ্বাসী ৪০ বছর বয়সী কোচ। “এতকিছুর পরও শুরুর একাদশ তো প্রথম দলের ফুটবলারদের নিয়েই গড়া হয়েছিল। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। এক সপ্তাহে পাঁচজন ফুটবলারকে হারিয়ে ফেলা ভালো কিছু নয় অবশ্যই। তবে এসব ফুটবলেরই অংশ, জীবনেরও অংশ।” “আমি বিশ্বাস করি, সৌভাগ্য আদায় করে নিতে হয়। এই মুহূর্তে আমাদের তা প্রাপ্য নয়। আচমকা কোথাও থেকে সৌভাগ্য বয়ে আসবে, এতে আমি বিশ্বাসী নই।” সৌভাগ্য বয়ে আনার সেই সময় তিনি পাবেন কিন না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পয়েন্ট তালিকায় ইউনাইটেড এখন আছে ১৫ নম্বরে। কোচের চাকরি নিয়েও তাই টানাটানির খবর আসতে শুরু করেছে। তবে আমুরির দাবি, এসব নিয়ে তিনি একটুও ভাবিত নন। “আমি দুর্ভাবনায় নেই। সমর্থকদের অনুভূতি বুঝতে পারছি, সংবাদমাধ্যম কী ভাবছে, অনুধাবন করতে পারছি। আমিও হারতে ঘৃণা করি, সবচেয়ে বাজে অনুভূতি এটি। এছাড়া আর কিছু ভাবছি না। ” “আমি এখানে আছি ফুটবলারদের পাশে থাকার জন্য। আমার অবস্থান, চাকরি এসব আমি বুঝতে পারছি। তবে নিজের কাজে আমার আস্থা আছে এবং আমি স্রেফ ম্যাচ জিততে চাই।”
