১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'ভালো খেলেও' হেরে যাওয়ার ব্যাখ্যা পাচ্ছেন না রেয়াল মাদ্রিদ কোচ

“আমি জানি না আমরা কীভাবে হেরে গেলাম। রেয়াল বেতিস ড্রয়ের জন্য খেলে জ্যাকপট মেরে দিয়েছে”, বললেন রেয়াল মাদ্রিদের কোচ জুজে মরিনিয়ো।

'ভালো খেলেও' হেরে যাওয়ার ব্যাখ্যা পাচ্ছেন না রেয়াল মাদ্রিদ কোচ
জোসে মরিনিয়ো ও কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 12:59 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

জুজে মরিনিয়োর হতাশা দৃশ্যমান ছিল মাঠেই। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়াতেও ফুটে উঠল তা। তবে নিজের দলের ওপর বিরক্তি তার নেই এতটুকুও। রেয়াল মাদ্রিদ কোচ বললেন, তার ফুটবলাররা নিজেদের উজাড় করে দিয়ে খেলেছে এবং জয়টা তাদেরই প্রাপ্য। তার পরও তারা কীভাবে হেরে গেলেন, বুঝতেই পারছেন কোচ।

ম্যাচটি দেখে থাকলে মরিনিয়োর সঙ্গে দ্বিমত করা কঠিন। ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ও দাপট ছিল তার দলেরই। অনেক সুযোগ তারা তৈরি করেছে। কিন্তু কাজে লাগাতে পারেননি কেউ। সেটির খেসারত দিতে হয়েছে বাজেভাবে। লা লিগায় এবারের মৌসুমের প্রথম বড় অঘটনের শিকার হয়েছে রেয়াল মাদ্রিদ। রেয়াল বেতিসের কাছে শুক্রবার হেরেছে তারা ১-০ গোলে।

সুযোগ হারানোর খেলায় সবচেয়ে ‘এগিয়ে’ ছিলেন এমবাপে। অন্তত তিনটি দারুণ সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। ফরাসি তারকা শেষ মুহূর্তে ব্যর্থ হন পেনাল্টিতেও। যদিও প্রতিপক্ষের নিয়ম ভঙ্গের কারণে পেনাল্টি আবার নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল কি না, এই প্রশ্ন উঠছে। তবে ম্যাচটি সব মিলিয়ে এমবাপের জন্য ছিল চরম হতাশার।

সুযোগ হাতছাড়া করেন অন্যরাও। রেয়ালের তিনটি শট প্রতিহত হয় পোস্ট ও ক্রসবারে। বদলি নামা কার্লোস এস্পি দর্শনীয় শটে বল জালে পাঠিয়েছিলেন বটে। তবে ভিএআর জানায়, সেটি ছিল অফসাইড। 

এরই ফাঁকে ৬৭তম মিনিটে মাঠে নামা ট্রয় প্যারট গোল করেন ৮১তম মিনিটে। এই মৌসুমেই বেতিসে আসা আইরিশ স্ট্রাইকার নতুন ক্লাবে প্রথম গোলেই দলকে এনে দিলেন স্মরণীয় জয়।

ম্যাচের পর মরিনিয়ো বললেন, এই হারের কারণ তিনি বুঝে উঠতে পারছেন না। 

“আমি জানি না আমরা কীভাবে হেরে গেলাম। ব্যাখ্যা করতে পারছি না। কারণ আমরা দলগতভাবে খুব ভালো খেলেছি। আমার কোনো খেলোয়াড়ের মনোভাব নিয়ে আমি কোনো দোষ খুঁজে পাইনি। জয় আমাদের প্রাপ্য ছিল। জয় প্রাপ্য হলে তো আর পয়েন্ট মেলে না, জয় পেতে হয়।

বেতিসকে অভিনন্দন। তারা ড্রয়ের জন্য খেলেছে এবং শেষ পর্যন্ত জ্যাকপট মেরে দিয়েছে।”

ম্যাচজুড়ে বিবর্ণ থাকা এমবাপে শেষ মুহূর্তে পেনাল্টি কাজে লাগাতে না পারলেও তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না কোচ। আঙুল তুলছেন না তিনি দলের কারও দিকেই। 

“আমার খেলোয়াড়দের নিয়ে আমি খুবই খুশি, তাদের সবাইকে নিয়ে। ব্যক্তিগতভাবে আমি তাদের কাউকে দোষ দিতে পারি না। পেনাল্টির কথা বলতে গেলে, যখন আমাদের মধ্যে কেউ পেনাল্টি নিতে এগিয়ে আসে, আমরা সবাই একজোট হয়ে দাঁড়াই।”