গ্যালারিতে ‘নেইমার, নেইমার’ চিৎকার শুনে যা বললেন আনচেলত্তি
ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের ম্যাচে গ্যালারিতে নেইমারের নাম ধরে গর্জন করেন সমর্থকরা।
না থেকেও যেন ছিলেন নেইমার। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসে ‘নেইমার, নেইমার’ ধ্বনি। বলার অপেক্ষা রাখে না, প্রিয় তারকাকে দেশের জার্সিতে দেখতে চান ওই দর্শকেরা। তবে তাকে ফেরাতে পারেন যিনি, সেই কার্লো আনচেলত্তি এই আলোচনায় আগ্রহীই নয়। দলে যারা আছেন, তাদের দিকেই মনোযোগ দিতে বললেন ব্রাজিল কোচ।
যুক্তরাষ্ট্রের বস্টনে বৃহস্পতিবার প্রীতি ম্যাচটিতে ব্রাজিলকে ২-১ গোলে হারায় ফ্রান্স।
ম্যাচের প্রথমার্ধে একদমই ছন্নছাড়া ছিল ব্রাজিল। ৩১তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। পরে ডিফেন্ডার দায়ু উপামেকানো লাল কার্ড দেখায় দ্বিতীয়ারর্ধের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলে ফরাসিরা। তার পরও আরেকটি গোল করে ব্যবধান বাড়ায় তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরে একটি গোল শোধ করতে পারে।
ব্রাজিল দ্বিতীয় গোলটি হজম করার পরই গ্যালারি থেকে ‘নেইমার, নেইমার’ সুর ভেসে আসতে থাকে। ম্যাচজুড়েই তা চলেছে থেমে থেমে।
দর্শকদের সেই চাওয়া নিয়ে ম্যাচের পর জিজ্ঞেস করা হলো আনচেলত্তিকে। ব্রাজিল কোচ সেই আলোচনার গভীরেই গেলেন না।
“আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা, যারা এখানে আছে, যারা খেলেছে। যারা নিজেদের সর্বস্ব দিয়েছে, এগিয়ে এসেছে এবং কঠোর পরিশ্রম করেছে। আমি সন্তুষ্ট।”
ব্রাজিল দলে জায়গা নিয়ে প্রতিযোগিতা প্রবল, সেটিও মনে করিয়ে দিয়েছেন কোচ।
২০২৩ সালের অক্টোবরে বড় ধরনের চোটে পড়ার পর আর দেশের জার্সিতে ফেরা হয়নি ব্রাজিলের সফলতম গোল স্কোরারের। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে উন্নতির ছাপ রেখেছেন তিনি ফিটনেস ও পারফরম্যান্সে। তবে আনচেলত্তি বারবারই বলেছেন, ফিটনেস শতভাগ হলেই কেবল নেইমারকে দলে নেবেন তিনি। বিশ্বকাপে এই তারকার খেলা নিয়ে তাই সংশয় এখনও আছে অনেক।
তবে নেইমারকে নিয়ে আলোচনা থেমে নেই। এই ম্যাচের আগেই কিলিয়ান এমবাপে বলেছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতে পারছেন না তিনি। ব্রাজিলের সাবেক অনেক তারকাও বলছেন, যে কোনো অবস্থাতেই নেইমারকে বিশ্বকাপ দেখতে চান তারা।
ফ্রান্সের বিপক্ষে পরাজয়ের পর অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠেও ফুটে উঠল নেইমারকে দলে পাওয়ার তাড়না।
“আমরা সবাই জানি নেইমারের মধ্যে কতটা কী আছে। যেকোনো জাতীয় দলের জন্য সে অপরিহার্য, বিশেষ করে যখন সে ফর্মে থাকে। আমাদের প্রজন্মের জন্য সে শীর্ষ তিনজনের মধ্যে একজন- ক্রিস্তিয়ানো (রোনালদো), (লিওনেল) মেসি এবং নেইমার। আমি তার ঘনিষ্ঠ বন্ধু, তবে তারা কাকে দলে নেবে, তা ঠিক করার দায়িত্ব তো আমার নয়।”
