২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ক্লাসিকোর আগে ‘নার্ভাস’ ছিলেন ইয়ামাল

বার্সেলোনার তরুণ উইঙ্গারের কাছে ক্লাসিকো সবসময়ই বিশেষ কিছু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 10:33 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

বছর খানেক আগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেই রেকর্ড গড়েন লামিনে ইয়ামাল। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাসিকোয় খেলার কীর্তি গড়েন তিনি। আরেকটি ক্লাসিকোর আগে বার্সেলোনার তরুণ সেনসেশন বললেন, নিজের প্রথম ক্লাসিকোর আগে স্নায়ুচাপ পেয়ে বসেছিল তাকে।

গত বছরের অক্টোবরে অলিম্পিক স্টেডিয়ামে ৭৬তম মিনিটে বদলি নেমে ক্লাসিকোয় অভিষেক হয় ইয়ামালের। তখন তার বয়স ছিল ১৬ বছর ১০৭ দিন। লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা।

গত এক বছরে তিনি খেলোয়াড় হিসেবে আরও বেশি পরিণত হয়েছেন। ক্লাব ও দেশের হয়ে নিজেকে তুলে নিয়েছেন নতুন উচ্চতায়। আরেকটি ক্লাসিকোর আগে ১৭ বছর বয়সী উইঙ্গার বললেন, প্রথমবার রেয়ালের মুখোমুখি হওয়ার আগে স্নায়ুচাপ থাকলেও, পরে উপভোগ করেন তিনি।

“সত্যি বলতে আগে কখনোই কোনো ম্যাচে নার্ভাস ছিলাম না, কিন্তু যখন আমার ক্লাসিকো অভিষেক হলো, তখন কিছুটা স্নায়ুচাপে ভুগছিলাম। প্রতিপক্ষকে দেখেছি তারা কতটা ভালো দল। যখন মাঠে নামছিলাম, তখন কিছুটা স্নায়ুচাপ ছিল, কিন্তু মাঠে নামার পর সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি খেলেছি এবং উপভোগ করেছি।”

“দেখতেই পাচ্ছেন এই ম্যাচগুলোর মান কতটা উঁচুতে থাকে। ক্লাসিকো সবসময়ই বিশেষ কিছু, সবাই ক্লাসিকো জিততে চায়।”

এখন ইয়ামালের ক্যারিয়ার আরও সমৃদ্ধ। গত জুলাইয়ে স্পেনের ইউরো জয়ে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বার্সেলোনার মূল দলের হয়ে খেলেছেন ৬০টির বেশি ম্যাচ। ক্লাব ও জাতীয় দলের হয়ে গড়েছেন বেশ কিছু রেকর্ডও। 

“আমি সাধারণত এসব নিয়ে খুব বেশি ভাবি না, তবে হ্যাঁ, এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো আনন্দ দেয়। আশা করি, সামনেও আরও কিছু (রেকর্ড) ধরা দেবে।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম ক্লাসিকোয় শনিবার লা লিগায় রেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালান দলটি। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল।