ইতালিয়ান ফুটবলে নতুন দায়িত্বে মালদিনি
ইতালি জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার মাধ্যমে মালদিনি তার এই দায়িত্ব শুরু করবেন।
টানা তৃতীয় বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর, জাতীয় দলকে সঠিক পথে ফেরানোর চেষ্টায় আছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। সেই লক্ষ্যে সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয় মালদিনিকে। ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা সাবেক এই ফুটবলার চার বছর এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার পর নতুন দায়িত্ব নিলেন। খেলোয়াড়ী জীবনের পুরোটাই তিনি কাটান এই ক্লাবে, অবদান রাখেন দলটির সাতটি সেরি আ শিরোপা জয়ে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মিলানো কর্তিনা শীতকালীন অলিম্পিকসের আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর, গত মাসে এফআইজিসির সভাপতি নির্বাচিত হন জিওভান্নি মালাগো। এরপরই নিয়োগ দেওয়া হলো মালদিনিকে।
এফআইজিসি শনিবার এক বিবৃতিতে জানায়, ব্রাজিলিয়ান লিওনার্দো তার সাবেক মিলান সতীর্থ মালদিনির উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৫৮ বছর বয়সী মালদিনি ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছেন।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গের পর, গত এপ্রিলে ইতালির কোচের দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। ওই ব্যর্থতায় পদত্যাগ করেন এফআইজিসির তখনকার সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা ও জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফ্ফনও।
এখন জাতীয় দলের জন্য নতুন কোচ খোঁজার মাধ্যমে মালদিনি তার দায়িত্ব শুরু করবেন।
গুঞ্জন আছে, ইতালির ডাগআউটে ফিরতে পারেন সাবেক কোচ রবের্তো মানচিনি। গত মাসে কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়ে দেন তিনি। মানচিনির কোচিংয়েই সবশেষ কোনো বড় সাফল্য পেয়েছে ইতালি, ২০২০ ইউরো জয়।
