একুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি, খবর গণমাধ্যমের
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকে পাওয়া যাবে আর্জেন্টিনা অধিনায়ককে।
কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে ‘অনিশ্চয়তা কেটে গেছে।’ এই তারকা ম্যাচের শুরু থেকে খেলবেন বলে জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।
চিলির বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলার সময় ডান ঊরুতে চোট পান মেসি। এরপর থেকে অনুশীলনের বাইরে ছিলেন তিনি, খেলেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। গত মঙ্গলবার দলীয় অনুশীলনে যোগ দেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ীদের কোচ লিওনেল স্কালোনি জানান, মেসির খেলা অনিশ্চিত, আরও কয়েক ঘণ্টা অপেক্ষার পর সিদ্ধান্ত নেবেন তারা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইএসপিএন আর্জেন্টিনার খবরে বলা হয়েছে, একুয়েডরের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি। একইরকম খবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টসও।
