ভালভের্দের শেষের পেনাল্টি গোলে ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের ড্র
ইংল্যান্ডকে এগিয়ে নেওয়া বেন হোয়াইটের ফাউলেই যোগ করা সময়ে পেনাল্টি পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মাঠে নামার সময় দর্শকদের একটা অংশ থেকে দুয়ো শোনেন বেন হোয়াইট। একটু পরেই সেগুলো বদলে যায় করতালিতে। ২৮ বছর বয়সী ডিফেন্ডারই যে উরুগুয়ের বিপক্ষে এগিয়ে নেন ইংল্যান্ডকে। ম্যাচের অন্তিম পর্যায়ে আবার ‘খলনায়ক’ বনে যান তিনি। তার ফাউল থেকেই পেনাল্টি পেয়ে হার এড়ান ফেদে ভালভের্দে।
ওয়েম্বলিতে শুক্রবার রাতে প্রীতি ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়।
প্রথম সুযোগ পায় ইংল্যান্ড। তবে কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
ঢিমে তালে চলা ম্যাচে ২৭তম মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আগুস্তিন কানোবিও।
৪০তম মিনিটে নিজেদের অর্ধে বল হারানোর চড়া মাশুল দিতে বসেছিল ইংল্যান্ড। তবে ভালভের্দের শট শেষ মুহূর্তে কোনোমতে ঠেকান ইংল্যান্ডের একজন খেলোয়াড়।
নিষ্প্রাণ প্রথমার্ধে ৬২ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য পাঁচটি শট নেয় ইংল্যান্ড, এর দুটি রাখতে পারে লক্ষ্যে। অন্য দিকে, উরুগুয়ের তিনটি শটই হয় লক্ষ্যভ্রষ্ট।
একই মেজাজে শুরু হওয়া দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করতে ভুগছিল দুই দল। জমাট রক্ষণ ভাঙতে যে সৃজনশীলতা ও গতি প্রয়োজন ছিল, সেটা ছিল না কোনো দলেই।
৭১তম মিনিটে কোল পামারের ফ্রি কিক থেকে দারুণ একটা সুযোগ পান ডমিনিক ক্যালভার্ট-লেউইন। অরক্ষিত এই ফরোয়ার্ড বিস্ময়করভাবে খুব কাছ থেকেও ঠিকঠাক হেড করতে পারেননি।
৬৯তম মিনিটে এক সঙ্গে চার বদলির একজন হিসেবে মাঠে নামেন হোয়াইট। ১২ মিনিট পর তিনিই এগিয়ে নেন ইংল্যান্ডকে। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।
কর্নারের পর পামারের ফ্লিক ফেরাতে পারেননি উরুগুয়ে গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। খুব কাছ থেকে বাকিটা সারেন হোয়াইট।
২০২২ বিশ্বকাপে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেওয়ার পর এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের হয়ে প্রথমবার খেললেন হোয়াইট।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ভালভের্দে। বল দখলের চেষ্টায় ফেদেরিকো ভিনাসকে ইংলিশ ডিফেন্ডার হোয়াইট ফাউল করলে ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি।
লক্ষ্যে এটাই ছিল উরুগুয়ের প্রথম ও একমাত্র শট!
বাকি সময়ে দারুণ চেষ্টা করলেও আর জালের দেখা পায়নি উরুগুয়ে।
আগামী মঙ্গলবার জাপানের বিপক্ষে খেলবে টমাস টুখেলের ইংল্যান্ড। একই দিন আলজেরিয়ার মুখোমুখি হবে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।
