‘ট্রিকি’ ভিলা সফরেই বড় সুযোগ দেখছেন আর্সেনাল কোচ
এই কঠিন পরীক্ষায় উতরে ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যেতে চান মিকেল আর্তেতা।
সাম্প্রতিক মৌসুমগুলোয় আর্সেনালের শিরোপা স্বপ্নে বারবার কাঁটা হয়ে বিঁধেছে অ্যাস্টন ভিলা। সেই দলের বিপক্ষেই এবারের ম্যাচটিকে উল্টো বড় একটা সুযোগ হিসেবে দেখছেন দলটির কোচ মিকেল আর্তেতা।
২০০৩-০৪ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া আর্সেনাল গত কয়েক মৌসুমে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি। প্রতিবারই শেষদিকে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা, তাতে আরও দীর্ঘ হয়েছে তাদের এই শিরোপা-খরা। আর দলটির এই হতাশার বড় একটা কারণ হয়ে আছে অ্যাস্টন ভিলা।
বিশেষ করে, ২০২৩-২৪ মৌসুমে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্নে বড় আঘাতটা দিয়েছিল ভিলা। সেই মৌসুমে দুই লেগেই দলটির বিপক্ষে হেরেছিল আর্তেতার দল। ২০২৪ সালের এপ্রিলে, ফিরতি লেগে ঘরের মাঠে ২-০ গোলে হারে সেই যে পিছিয়ে পড়ল তারা, বাকি ছয় ম্যাচ জিতেও ব্যবধান আর ঘোচাতে পারেনি। ২ পয়েন্টে এগিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি।
ওখানেই শেষ নয়। গত মৌসুমেও দলটির বিপক্ষে ভুগতে হয়েছে আর্সেনালকে; গত জানুয়ারিতে তাদেরকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দেয় ভিলা।
বর্তমানেও দারুণ ছন্দে আছে উনাই এমেরির দল। মৌসুমে এলোমেলো শুরুর পর, গুছিয়ে উঠেছে তারা। প্রিমিয়ার লিগে সবশেষ ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে দলটি, আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬ ম্যাচে আছে জয়ের ধারায়।
দারুণ গতিতে ছুটে চলা দলটির মাঠেই এবার খেলতে হবে আর্সেনালকে। হয়তো খুব কঠিন পরীক্ষাতেই পড়তে হবে; কিন্তু এই চ্যালেঞ্জ উতরে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করতে চান আর্তেতা।
“এটা ঠিক যে, তারা মাঠে যা করছে, যেভাবে তারা খেলছে এবং ম্যাচের পর ম্যাচ জিতছে, নিশ্চিতভাবেই দলটা খুব ভালো ফর্মে আছে এবং আমরা সেটা জানি।”
প্রিমিয়ার লিগে সবশেষ ১০ রাউন্ডে ভিলার অর্জন ২৫ পয়েন্ট, আর কোনো দল এত পয়েন্ট পায়নি এই সময়ে। ভিলার এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে তাদের কোচ এমেরির কৃতিত্ব দেখছেন আর্তেতা।
“আমরা অবশ্যই জানি, কোচ (এমেরি) এই ক্লাবে অবিশ্বাস্য কাজ করেছে। তাই আগামীকাল আমাদের কী করতে হবে, আমরা জানি। তবে এটাকে আমরা সবসময় একটা সুযোগ হিসেবেই দেখি।”
আর্সেনালও দারুণ ছন্দে আছে। প্রিমিয়ার লিগে এবার এখন পর্যন্ত একটি ম্যাচই হেরেছে তারা, সেটাও সেই অগাস্টে লিভারপুলের বিপক্ষে। তারপর থেকে আর কোনো প্রতিযোগিতায়ই হারেনি দলটি। সব মিলিয়ে ১৮ ম্যাচ অপরাজেয় যাত্রায় আছে আর্তেতার দল।
১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ম্যাচটি জিতে ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যেতে চায় তারা।
২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা।
