আর্সেনালের ১৬ মিনিটের ঝড়ে তছনছ চেলসি
চার ম্যাচ পর লিগে জয়ের পথে ফিরল আর্সেনাল, উঠে গেল লিগ টেবিলের শীর্ষে।
হঠাৎ হারিয়ে ফেলা পথে ফিরতে আর্সেনাল কতটা মরিয়া ছিল, তার প্রমাণ মিলল ম্যাচের শুরুতেই। আক্রমণের ঝড় তুলে ষোড়শ মিনিটে এগিয়ে যাওয়ার পরের পনের মিনিটে আরও দুবার জালে বল পাঠাল তারা। ব্যর্থতার ঘেরাটপে বন্দি চেলসি পারল না পাল্টা চ্যালেঞ্জ জানাতে। জয়ে ফেরার পাশাপাশি লিগ শিরোপার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল মিকেল আর্তেতার দল।
অ্যামিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। মার্টিন ওডেগোরের জোড়া গোলের পর ব্যবধান আরও বাড়ান গাব্রিয়েল জেসুস।
এই জয়ে লিগ টেবিলে আবারও শীর্ষে ফিরল আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৮। শিরোপাভাগ্য অবশ্য থাকছে ম্যানচেস্টার সিটির হাতেই; দুই ম্যাচ কম খেলে দলটির পয়েন্ট ৭৬।
এক দল লড়ছে শিরোপার জন্য, আরেক দল বিবর্ণ মৌসুমের শেষটা একটু ভালোভাবে করতে। তবে একটা জায়গায় দুই পক্ষই একই বিন্দুতে; দুই দলেরই সাম্প্রতিক পারফরম্যান্স ভীষণ বাজে।
এই ম্যাচের আগে লিগে আর্সেনাল জয়ের দেখা পায়নি টানা চার ম্যাচে (তিন ড্র ও একটি হার)। আর চেলসি সব প্রতিযোগিতা মিলিয়ে জয়ের স্বাদ পায়নি আট ম্যাচে, এর মধ্যে সবশেষ পাঁচ ম্যাচেই হার। তাদের হতাশার পথচলা হলো আরও দীর্ঘ।
ছন্দে ফেরার ম্যাচে শুরুটা দুর্দান্ত করে আর্সেনাল। প্রথম থেকে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি দারুণ সব আক্রমণ করতে থাকে তারা। ১৮তম মিনিটে গোলও পেয়ে যায় দলটি। বাঁ দিক থেকে গ্রানিত জাকার পাস বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শট নেন ওডেগোর, বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
সাত মিনিট পর শাণানো প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই সমতায় ফিরতে পারতো চেলসি। তবে ইংলিশ ডিফেন্ডার বেন চিলওয়েলের কোনাকুনি শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান আর্সেনাল গোলরক্ষক অ্যারন র্যামসডেল।
খানিক পর তিন মিনিটে আরও দুটি গোল হজম করে স্তব্ধ হয়ে যায় চেলসি। ডাগআউটে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চোখে-মুখে তখন কেবলই হতাশা।
৩১তম মিনিটে দ্বিতীয় গোলটিও আসে জাকা ও ওডেগোরের দারুণ বোঝাপড়ায়। বাঁ দিক থেকে ডি-বক্সে ফাঁকায় বল বাড়ান সুইস মিডফিল্ডার আর চোখের পলকে ছুটে গিয়ে বাঁ পায়ের প্লেসিং শটেই জালে পাঠান নরওয়ের মিডফিল্ডার ওডেগোর। আশেপাশে চেলসির তিন জন ডিফেন্ডার থাকলেও কেউ যেন জায়গা থেকে নড়ার সুযোগই পাননি।
এবারের লিগে ওডেগোরের গোল হলো ১৪টি।
৩৪তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস জেসুস বুক দিয়ে নামিয়ে ছোট করে বাড়ান পাশে জাকাকে। তার শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি বল ধরে দুরূহ কোণ থেকে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস।
মাঝে অনেক দিন চোটে বাইরে থাকা জেসুস এই নিয়ে আসরে ১০টি গোল করলেন।
বিরতির পর ঘুরে দাঁড়াতে চেলসি মরিয়া চেষ্টা চালাবে কী, উল্টো ৫১তম মিনিটে গোল খেতে বসেছিল আবার। তবে গাব্রিয়েলের হেড ঠাণ্ডা মাথায় গোললাইনে প্রথমে ঊরু দিয়ে ঠেকিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় ক্লিয়ার করেন চিয়াগো সিলভা। পরের মিনিটে আবারও আর্সেনালের আক্রমণ; এবার জাকার শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।
নির্ধারিত সময়ের ২৫ মিনিট বাকি থাকতে নোনি মাদুয়েকের গোলে আশা জাগায় চেলসি। মাতেও কোভাসিচের উঁচু করে বাড়ানো থ্রু বল বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে যদিও ঠিকমতো শট নিতে পারেননি তরুণ ফরোয়ার্ড। তবে এগিয়ে যাওয়া র্যামসডেল তা ঠেকাতে পারেননি।
এপ্রিলের প্রথম দুই সপ্তাহে লিভারপুল ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। তবে এবার দলটি কোনো ভুল করেনি। আক্রমণে গতি কমলেও ভালোভাবে ঘর সামলে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দলের বিপদে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হাত ধরে ছয় ম্যাচ খেলে জয়শূন্যই রইল চেলসি; সবকটিতেই হারের তেতো স্বাদ।
৩৩ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
