ফিফা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পেছাল বাংলাদেশ
আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচে হারের প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে।
ঘরের মাঠে ত্রিদেশীয় কাপে আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হারের প্রভাব পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
১০৪ নম্বর থেকে ১১২-তে নেমে গেছে বাংলাদেশ। তিন মাস আগে র্যাঙ্কিংয়ে ঋতুপর্ণা-মনিকাদের বড় উল্লম্ফন হয়েছিল, ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠেছিল তারা।
কিছুদিন আগে নিজেদের মাঠে ত্রিদেশীয় কাপে খেলে বাংলাদেশ। গত ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে এবং আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে দল।
র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রও। দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে জার্মানি।
সেরা পাঁচে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা রয়েছে ৩০তম স্থানে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
এই তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে নবম, তিন ধাপ এগিয়ে উজবেকিস্তান ৪৯তম স্থানে উঠেছে। এক ধাপ পিছিয়ে ১৭তম স্থানে আছে চীন।
