কেইনকে নিয়ে আশা-শঙ্কার দোলাচলে বায়ার্ন
বুন্ডেসলিগায় বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড।
ম্যাচটি এমনিতেই ভুলে যাওয়ার মতো ছিল হ্যারি কেইনের জন্য। গোটা ম্যাচে একটি শটও তিনি নিতে পারেননি লক্ষ্যে। উল্টো ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো তাকে। অভিজ্ঞ ফরোয়ার্ডকে নিয়ে এখন দুর্ভাবনায় তার ক্লাব বায়ার্ন মিউনিখ।
বুন্ডেসলিগায় শনিবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গত আসরের জমক জাগানিয়া দল বায়ার লেভারকুজেনের বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে বায়ার্ন।
ম্যাচজুড়ে নিষ্প্রভ থাকা কেইন শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার চোখেমুখে ফুটে উঠছিল যন্ত্রণার প্রতিচ্ছবি।
ম্যাচ শেষে কোচ ভিনসেন্ট কোম্পানি বললেন, বুধবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে কেইনকে পাওয়ার আশা করছেন তিনি।
“আমি তো চিকিৎসক নই। তবে আশা করি, এটা গুরুতর কিছু নয়। আশা করি, বুধবারের ম্যাচের জন্য সে ফিট হয়ে উঠবে।”
তবে কোচের মতো অতটা আশাবাদী হতে পারছেন না বায়ার্নের ক্রীড়া পরিচালক মাক্স ইবেল।
“আপাতত ভালো মনে হচ্ছে না (চোটের অবস্থা)। হ্যারি যখন মাঠ ছেড়ে যায়, তখন বুঝতে হবে সেরকম কিছুই হয়েছে। আগামীকাল আমরা আরও ভালো বুঝতে পারব।”
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়বে বায়ার্ন।
