টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
প্রতিপক্ষের মাঠে আর্সেনালের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।
গোলশূন্য প্রথমার্ধের পর চমৎকার হেডে জালের দেখা পেলেন গাব্রিয়েল মাগালিয়াইস। সেটিই গড়ে দিল ব্যবধান। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে জয়ের পথে ফিরল আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।
লিগে টটেনহ্যামের মাঠে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতল আর্সেনাল।
চলতি আসরে প্রথম দুই ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ব্রাইটনের সঙ্গে আর্সেনাল ড্র করেছিল ১-১ গোলে।
টটেনহ্যাম হারল টানা দুই ম্যাচে। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।
প্রথম ১০ মিনিটে দুটি দারুণ সুযোগ পায় টটেনহ্যাম। দুবারই দেজান কুলুসেভস্কির প্রচেষ্টা ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া।
চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা আর্সেনাল প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় সপ্তদশ মিনিটে। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রসে কাই হাভার্টজের হেড ফেরান টটেনহ্যামের গোলরক্ষক গুইলেলমো ভিকারিও। পরের মিনিটে মার্তিনেল্লির শটও ঠেকান এই ইতালিয়ান।
প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি আর কেউ।
৬৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন মাগালিয়াইস। বুকায়ো সাকার কর্নারে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাগালিয়াইসের গোল হলো ১৫টি। এই সময়ে আর কোনো ডিফেন্ডার লিগে ১১টির বেশি গোল করতে পারেননি।
শেষ দিকে টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর হেড ঠেকিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন রায়া।
৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
৯ পয়েন্ট করে নিয়ে লিভারপুল তিনে ও অ্যাস্টন ভিলা চারে আছে।
৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।
