১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যখন ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিতাও

দুটি গুরুতর চোটে মোট ৪৩৮ দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল রেয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে।

যখন ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিতাও
এদের মিলিতাও। ছবি: ব্রাজিল ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

একটি চোট কাটিয়ে লম্বা সময় বাদে মাঠে ফেরার কয়েক মাস পরই আরেকটি গুরুতর চোট। চরম হতাশায় এদের মিলিতাওয়ের মাথায় ঘুরপাক খাচ্ছিল নানা ভাবনা। ওই দুই চোটে মোট ৪৩৮ দিন বাইরে থাকা রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার বললেন, ফুটবল ছেড়ে দেওয়ার ভাবনাও তার পেয়ে বসেছিল তখন। 

এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) দুটি চোটে রেয়াল মাদ্রিদের ৯৪টি ম্যাচে বাইরে থাকতে হয় মিলিতাওকে। প্রথমবার ২০২৩ সালের অগাস্টে তিনি চোট পান বাঁ হাঁটুতে, পরের বছরের নভেম্বরে চোট পান ডান হাঁটুতে।   

গত জুনে ক্লাব বিশ্বকাপের সময় রেয়ালের হয়ে মাঠে ফেরেন মিলিতাও। ব্রাজিলের আসছে দুটি প্রীতি ম্যাচের জন্য তিনি ব্রাজিল দলে ফিরেছেন এক বছরের বেশি সময় পর।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে ২৭ বছর বয়সী এই ফুটবলার বলেন, মাঠের বাইরে থাকার সময়টা খুব কঠিন ছিল তার জন্য।

“দ্বিতীয়বার চোটের পর আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। আমি ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কারণ সবকিছু সহজ ছিল না। তবে আমার স্ত্রী, আমার মেয়ে ও আমার সতীর্থদের সহায়তায় আজ আমি এখানে এসেছি ভালো খেলার জন্য।”

“(চোটের ধাক্কা) সামলানো সহজ নয়। পরিবারের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে খুব সংযুক্ত থাকতে হয়... হঠাৎ করে বাড়িতে (সাধারণ সব কাজে) সাহায্যের জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ, চোট থেকে সেরে উঠেছি এবং শীর্ষ স্তরে ফিরে এসেছি, যা সহজ নয়।”

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার বিকাল পাঁচটায়। চার দিন পর স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।