০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জোড়া গোলে ব্রাজিলকে জিতিয়ে রাফিনিয়া বললেন, ‘নিখুঁত হতে অনেক বাকি’

পেরুর বিপক্ষে বড় জয়ের পর রাফিনিয়া বলেছেন, দল হিসেবে নিখুঁত হওয়ার প্রক্রিয়ায় ঠিক পথেই আছে ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 07:19 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

আক্রমণাত্মক ফুটবল খেলেও শুরুতে মেলেনি গোলের দেখা। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া পেনাল্টিতে শেষ হয় অপেক্ষা। বিরতির পর একইভাবে রাফিনিয়া করেন দ্বিতীয় গোল। এরপর দুই সতীর্থের গোলে বড় জয় পায় ব্রাজিল। তাই বলে তৃপ্তির ঢেকুর তুলতে রাজি নন রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ড বললেন, বাকি আছে অনেক পথ।

বিশ্বকাপ বাছাইপর্বে এবারের দুই ম্যাচেই জিতেছে ব্রাজিল। চিলির মাঠে প্রথম ম্যাচে তারা জেতে ২-১ গোলে। আর ঘরের মাঠে বুধবারের ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চার গোলের দুটি রাফিনিয়ার। অন্য দুটি করেন লুইস এইহিক ও আন্দ্রেয়াস পেরেইরা। পুরো ম্যাচেই দাপট দেখায় স্বাগতিকরা। গোলের জন্য তারা করে ১৮টি শট। এর মধ্যে ৮টিই থাকে লক্ষ্য বরাবর। বেশ কিছু সুযোগ হাতছাড়া করায় ব্যবধান আরও বড় হয়নি। 

তবে পরপর দুই ম্যাচ জেতায় স্বস্তি রাফিনিয়ার মনে। ম্যাচ শেষে তিনি বলেছেন, সঠিক পথেই আছে ব্রাজিল। 

"আমাদের এই জয় প্রয়োজন ছিল। পরপর দুই ম্যাচ জেতার জন্যও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। আমার মতে, আমরা ভালো করেছি। এই দুই ম্যাচে আমরা জানতাম কীভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। অবশ্যই আমরা নিখুঁত হওয়া থেকে অনেক দূরে। তবে আমরা কঠোর পরিশ্রম করছি। আমার বিশ্বাস, আমরা ঠিক পথেই আছি। 

ম্যাচের ৬৯তম মিনিটে একসঙ্গে পেরেইরা ও এইহিককে নামান দরিভাল জুনিয়র। দুই মিনিটের মধ্যে তাদের দারুণ বোঝাপড়ায় তৃতীয় গোলটি করে ব্রাজিল। এইহিকের দারুণ ক্রসে পেরেইরার অ‍্যাক্রোবেটিক শটে বল জড়ায় জালে।

এর তিন মিনিট পর এইহিক নিজেও নাম তোলেন স্কোরশিটে। জেসুসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নেন বতাফোগোর ফরোয়ার্ড। চিলির বিপক্ষে আগের ম্যাচেও প্রায় একইভাবে জয়সূচক গোল করেছিলেন তিনি।

পরপর দুই ম্যাচে জালের ঠিকানা খুঁজে পেয়ে তাই বেজায় খুশি ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

"এটি আমাদের দলীয় প্রচেষ্টার ফল। আমি এই দুই ম্যাচ নিয়ে খুশি, দুটি গোল ও একটি অ্যাসিস্ট। আমাদের কাজ করে যেতে হবে। আমরা জানতাম আজকের ম্যাচটি কঠিন হতে পারে। তবে দর্শকরা মাঠে এসে আমাদের প্রেরণা জুগিয়েছে।"

ব্রাজিলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল করা পেরেইরা শোনান এইহিকের সঙ্গে তার বোঝাপড়ার গল্প।

"(গোল করা) খুবই বিশেষ মুহূর্ত। তবে সবচেয়ে বড় বিষয় ছিল জয়। এইহিক বল পাওয়ার পর আমি জানতাম, সে শট করতে পারে এবং যেহেতু কোচও আমাদের স্বাধীনতা দিয়েছিল, তাই খুশি ছিলাম। আমি দেখলাম বল আমার দিকে আসছে। (শটের আগে) শরীরের অবস্থান ঠিক করে নিয়েছি শুধু।"

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত দশ ম্যাচের পাঁচটি জিতে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ব্রাজিল।