২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপা লিগে টটেনহ্যাম, ঝুলে রইল ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য

১৯৮৯-৯০ মৌসুমের পর সবচেয়ে বাজে অবস্থানে থেকে লিগ শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউরোপা লিগে টটেনহ্যাম, ঝুলে রইল ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য
আটে থেকে প্রিমিয়ার লিগ শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের আক্রমণের ঝাপটা সামলে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের মধ্যে দুবার জালের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে জয় মিলল বটে, তবে লিগ টেবিলে এরিক টেন হাগের দলের অবস্থানে কোনো পরিবর্তন এলো না। আগামী মৌসুমে তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার ভাগ্য তাই ঝুলেই থাকল। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করল টটেনহ্যাম হটস্পার।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা আগেই নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল ও অ্যাস্টন ভিলা।

ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগে খেলার সম্ভাবনা নিয়ে শেষ রাউন্ডে নামে টটেনহ্যাম হটস্পার, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড। 

শেফিল্ডের মাঠে ৩-০ গোলে জিতে ৬৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগে পঞ্চম হয়েছে টটেনহ্যাম। আগামী মৌসুমে তারা খেলবে ইউরোপা লিগে। 

স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে ৬৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে চেলসি। আগামী মৌসুমে চেলসিরও ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত হয়েছে, তবে ইউরোপা লিগে নাকি কনফারেন্স লিগে খেলবে তারা, সেটা জানতে এফএ কাপ ফাইনাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

ম্যানচেস্টার ইউনাইটেড শেষ রাউন্ড শুরু করে আটে থেকে। আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করতে এদিন নিউক্যাসল ইউনাইটেডকে টপকে সাতে উঠতে হতো টেন হাগের দলকে। এজন্য তাদের নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি নিউক্যাসলের পয়েন্ট হারানোর দরকার ছিল।

তবে ব্রেন্টফোর্ডের মাঠে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় নিউক্যাসল। বিরতির পর দুটি গোল শোধ দেয় ব্রেন্টফোর্ড। তাতে খানিকটা আশা জাগে ইউনাইটেড শিবিরে, তবে শেষ দিকে আবার ব্যবধান বাড়িয়ে নিয়ে ৪-২ গোলের জয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

ব্রাইটনের মাঠে ২-০ গোলে জিতেও তাই লাভ হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৩তম মিনিটে দিয়োগো দালোত দলটিকে এগিয়ে নেওয়ার পর ৮৮তম মিনিটে ব্যবধান বাড়ান গাসমুস হয়লুন।

নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ৬০ পয়েন্ট, গোল পার্থক্যে সাতে আছে নিউক্যাসল।

এখন আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতলেই কেবল আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগে খেলতে পারবে নিউক্যাসল। অন্যথায় তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে না।

ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড জিতলে তারা আগামী মৌসুমে ইউরোপা লিগের টিকেট পাবে। তখন টটেননহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইউরোপা লিগে, চেলসি খেলবে কনফারেন্স লিগে। 

আর ম্যানচেস্টার ইউনাইটেড হারলে টটেননহ্যাম ও চেলসি খেলবে ইউরোপা লিগে, নিউক্যাসল কনফারেন্স লিগে। টেন হাগের দলকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শক হয়ে থাকতে হবে। 

১৯৮৯-৯০ মৌসুমের পর সবচেয়ে বাজে অবস্থানে থেকে লিগ শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ রাউন্ডের আগেই প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয় শেফিল্ড ইউনাইটেড ও বার্নলির। শেষ দিনে তাদের সঙ্গী হয়েছে লুটন টাউন। 

আর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে পেপ গুয়ার্দিওলার সিটি।