Published : 16 Oct 2025, 04:46 PM
বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে যাওয়ার পর প্রধান কোচের পদ থেকে পাট্রিক ক্লাইভার্টকে সরিয়ে দিল ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন।
জেদ্দায় গত শনিবার ইরাকের বিপক্ষে ১-০ গোলের হৃদয় ভাঙা হারে ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ হারায় ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার পারস্পারিক সমঝোতায় প্রায় ১২ মাস কোচ হিসেবে কাজ করা ক্লাইভার্টকে সরিয়ে নেওয়ার কথা জানায় দেশটির ফুটবল ফেডারেশন।
ইনস্টাগ্রামে এক পোস্টে ফেডারেশন জানায়, খোলামেলা আলোচনায় দুই পক্ষ এখানেই পথের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেখানে চুক্তি বাতিলের কোনো কারণ তারা দেখায়নি।
১৯৪৫ সালে নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার বেশ কাছে ছিল ইন্দোনেশিয়া। এবার এশিয়ার বাছাইয়ে চতুর্থ রাউন্ডে যাওয়াই তাদের সেরা ফল।
চলতি বছরের জানুয়ারিতে শিন তাই-ইয়ংয়ের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পান এসি মিলান, আয়াক্স ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় ক্লাইভার্ট। ২০২৭ সাল পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। তিনি মূলত নেদারল্যান্ডস প্রবাসী খেলোয়াড়দের নিয়ে দল গড়ে তুলেছিলেন।