হৃদয় ভাঙা হারের পর চ্যাম্পিয়ন্স লিগে নজর আতলেতিকোর
শিরোপাশূন্য মৌসুম এড়াতে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আতলেতিকো মাদ্রিদ অধিনায়ক কোকে।
১৫ সেকেন্ডের মধ্যে গোল হজমের ধাক্কা সামাল দিতে পারলেও শেষরক্ষা করতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালে টাইব্রেকারে হারে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ কোকে। শিরোপাশূন্য মৌসুম এড়াতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আতলেতিকো অধিনায়ক।
সেভিয়ায় শনিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ সমতার পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে সোসিয়েদাদ।
আন্দের বারেনেক্সিয়ার গোলে পিছিয়ে পড়া আতলেতিকোকে সমতায় ফেরান আদেমোলা লুকমান। প্রথমার্ধেই পেনাল্টি থেকে সোসিয়েদাদের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে সমতা টানেন হুলিয়ান আলভারেস।
১৯৮৭ সালে সবশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল সোসিয়েদাদ ও আতলেতিকো। সেবারও ২-২ ড্রয়ের টাইব্রেকারে জিতেছিল সোসিয়েদাদ। ২০১৩ সালের পর কোপা দেল রেতে প্রথম শিরোপার জন্য আতলেতিকোর অপেক্ষা বাড়ল আরও। ম্যাচ শেষে দলটির অধিনায়কের কণ্ঠে ঝরল একরাশ হতাশা।
“আমাদের সামনে অপেক্ষা করছে দারুণ এক চ্যালেঞ্জ। আমরা চ্যাম্পিয়ন্স লিগ চাই এবং এটা জেতার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব। তবে আজকের রাত একটি বিষণ্ন রাত।”
বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষে আর্সেনাল।
