আরেকজন ডিফেন্ডার চাই বার্সেলোনা কোচের
তবে জানুয়ারির দলবদলে শীর্ষ পর্যায়ের কোনো খেলোয়াড় পাওয়া যে খুব কঠিন, সেটাও বললেন হান্সি ফ্লিক।
আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে পড়ায়, বার্সেলোনার রক্ষণভাগে একটা শূন্যতা তৈরি হয়েছে। সঙ্গে অন্যদের টুকটাক চোট সমস্যা তো আছেই। নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলনে এসে এই ঘাটতির কথা অকপটেই বললেন দলটির কোচ হান্সি ফ্লিক। সম্ভব হলে জানুয়ারির দলবদলে রক্ষণে নতুন শক্তি যোগ করার পরিকল্পনার কথাও বললেন তিনি।
গত ২০ ডিসেম্বর অনুশীলনের সময় দুর্ভাগ্যজনকভাবে বাম হাঁটুতে চোট পান ক্রিস্টেনসেন। বার্সেলোনার পক্ষ থেকে ২৯ বছর বয়সী এই ফুটবলারের মাঠের বাইরে থাকার সম্ভাব্য সময়ের কথা বলা হয়নি। তবে, স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চার থেকে পাঁচ মাস বাইরে থাকতে পারেন তিনি।
বড়দিনের বিরতির পর, শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বার্সেলোনা। আগের দিন তাদের সংবাদ সম্মেলনে উঠল রক্ষণে ঘাটতির প্রসঙ্গ। উত্তরে খেলোয়াড় কেনার ইচ্ছার কথা জানালেও, সেটা কঠিন হবে বলে মনে করেন ফ্লিক।
“আমাদের নতুন কাউকে চুক্তিভুক্ত করা উচিত কিনা? কঠিন একটা প্রশ্ন। আমরা এখনও প্রস্তুত নই। তবে আমাদের রক্ষণভাগের দিকে তাকালে, সেন্টার-ব্যাক ও ফুলব্যাকের দিকে দেখলে, আরেক জন খেলোয়াড়ের প্রয়োজন বোধ হয়।”
“এ বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। কারণ শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে শীর্ষ পর্যায়ের কোনো খেলোয়াড় আনা সহজ নয়। আমি নিশ্চিত যে, কিছুটা করতে পারব আমরা। আমার সেই আশা আছে; তবে কাউকে চুক্তিভুক্ত করলেও সেটা যথাযথ হতে হবে।”
চলতি মৌসুমে লা লিগায় মাঝে একটু ছন্দপতন হলেও, গত কয়েক মাসে জয়ের ধারায় আছে বার্সেলোনা। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে তারা, রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে।
তবে চ্যাম্পিয়ন্স লিগে একটু ভুগছে ফ্লিকের দল। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা।
