২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জন নিয়ে খেলে শেষ সময়ের গোলে ড্রয়ে লিগ শুরু মেসিদের

৮০ মিনিটের বেশি ১০ জন নিয়ে খেলে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ড্র করতে পেরেছে ইন্টার মায়ামি, দারুণ দুটি গোলে সহায়তা করেছেন লিওনেল মেসি।

১০ জন নিয়ে খেলে শেষ সময়ের গোলে ড্রয়ে লিগ শুরু মেসিদের
শেষ সময়ে গোল করা সেগোভিয়াকে আলিঙ্গনে জড়ালেন মেসি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 11:31 AM

Updated : 10 Sep 2026, 12:34 PM

৯০ মিনিট শেষে যোগ করা হলো ১১ মিনিট। এর দশম মিনিটে লিওনেল মেসি দেখালেন ম্যাচে তার শেষ ঝলক। মাঝমাঠের একটু ওপরে তেলাস্কো সেগোভিয়ার কাছ থেকে বল পেয়ে তিনি ছুটলেন। বল নিয়ে চোখের পলকে পৌঁছে গেলেন প্রতিপক্ষের বক্সের কাছে। তাকে ঘিরে আছেন তখন প্রতিপক্ষের চারজন। এর মাঝ দিয়েই দারুণভাবে বল বাড়িয়ে দিলেন তিনি বক্সের ভেতরে। সেই সেগোভিয়া ছুটে গিয়ে অপেক্ষা করছিলেন বলের। আলতো করে নান্দনিকভাবে চিপ করে গোলকিপারের ওপর দিয়ে তিনি বল পাঠিয়ে দিলেন জালে। 

শেষ সময়ের ওই গোলে নাটকীয়ভাবে ড্র করে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

মেজর লিগ সকারের নতুন মৌসুমে দুই দলেরই প্রথম ম্যাচ এটি।

গোল না পেলেও মায়ামির দুটি গোলই আসে মেসির সহায়তায়। একটি ম্যাচের শুরুর দিকে, পরেরটি তো একদম শেষ সময়ে। প্রথম গোলটি করা তমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ২৩ মিনিটে। ম্যাচ শেষ হয় ১০৫তম মিনিটে। ৮২ মিনিট ১০ জন নিয়েই খেলে মায়ামি।

নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। জর্দি আলবার দারুণ পাস থেকে বক্সের ভেতর বল পান মেসি। পাশে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে তিনি বল বাড়ান আভিলেসের দিকে। আর্জেন্টাইন ডিফেন্ডার স্লাইড করে আলতো করে বল পাঠিয়ে দেন জালে।

১৮ মিনিট পর আলোন্সো মার্তিনেসকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন সেই আভিলেসই। দুই মিনিট পর সমতায় ফেরে নিউ ইয়র্ক। 

৫৫তম মিনিটে জর্দি আলবার মারাত্মক ভুল থেকে বল পেয়ে নিউ ইয়র্ককে এগিয়ে দেন মার্তিনেস। মায়ামি ১০ জন নিয়েও দারুণ চাপ তৈরি করে বেশ কিছু সুযোগ আদায় করে নেয়। কিন্তু গোল হচ্ছিল না। ৭২তম মিনিটে মেসির দারুণ ফ্রি কিক বাঁচিয়ে দেন গোলকিপার। ৮৪তম মিনিটে মেসি-আলবার দারুণ সংযোগ থেকে বক্সের ভেতর একদম ফাঁকায় বল পেয়েও বাইরে মেরে বসেন ফেদেরিকো রেদোন্দো। 

শেষ পর্যন্ত শেষ সময়ে সেগোভিয়ার সেই গোল। মেজর লিগ সকারে কোচ হিসেবে প্রথম ম্যাচে নাটকীয়ভাবে পয়েন্ট পেয়ে খ্যাপাটে উদযাপনে মেতে ওঠেন কোচ হাভিয়ের মাসচেরানো।