আরেকটি জয়ের দিনে আলিসনকে হারানোর ধাক্কা লিভারপুলের
ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান সংহত করেছে আর্না স্লটের দল।
শুরুতেই দলকে গোল এনে দিলেন দিয়োগো জটা। শেষ পর্যন্ত সেটিই গড়ে দিল ব্যবধান। ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্না স্লটের দল।
জয়ের আনন্দের মাঝে একটি ধাক্কাও খেয়েছে লিভারপুল। চোট পেয়ে শেষ দিকে মাঠ ছেড়েছেন প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন।
সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের টানা ষষ্ঠ জয় এটি। লিগে প্রথম সাত ম্যাচের ছয়টি জিতল তারা। তাদের পয়েন্ট হলো ১৮।
এদিন ম্যাচের ৩০ সেকেন্ডের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠায় প্যালেস, তবে অফসাইডের কারণে গোল পায়নি তারা।
নবম মিনিটে লিভারপুলের গোলটি করেন জটা। কোডি হাকপোর পাসে কাছ থেকে শটে এবারের লিগে নিজের দ্বিতীয় গোলের দেখা পান পর্তুগিজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে দারুণ দুটি সেভ করা আলিসন চোট পেয়ে নির্ধারিত সময়ের ১১ মিনিট বাকি থাকতে মাঠ ছেড়ে যান। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।
আলিসনের জায়গায় লিভারপুলের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী গোলরক্ষক ভিচেসস্লাভ ইয়ারোসের।
আলিসনকে হারালেও লিভারপুল কিছুটা স্বস্তি পেতে পারে যে, আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে তাদের শেষ ম্যাচ ছিল এটি। তাদের পরের ম্যাচ আগামী ২০ অক্টোবর, লিগে চেলসির বিপক্ষে।
