২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি রেকর্ড গড়ে লেভারকুজেনকে বিদায় বলতে চান কোচ

বায়ার লেভারকুজেনকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চান স্প‍্যানিশ কোচ শাবি আলোন্সো।

আরেকটি রেকর্ড গড়ে লেভারকুজেনকে বিদায় বলতে চান কোচ
শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

বিদায়ের আগে বায়ার লেভারকুজেনকে একটি রেকর্ড উপহার দিয়ে যেতে চান শাবি আলোন্সো। প্রতিপক্ষের মাঠে টানা ৩৪ ম‍্যাচ অপরাজিত থাকতে মাইন্সের বিপক্ষে বুন্ডেসলিগার শেষ রাউন্ডে হার এড়ানোর লক্ষ্য স্প‍্যানিশ কোচের।

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন আলোন্সো। শনিবারের ম‍্যাচ দিয়ে জার্মান ক্লাবটিতে শেষ হবে তার আড়াই বছরের পথচলা। এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে স্প‍্যানিশ গণমাধ‍্যমে তার পরবর্তী গন্তব‍্য হিসেবে রেয়াল মাদ্রিদের কথা বলা হচ্ছে।

গত মৌসুমে আলোন্সোর কোচিংয়ে অপরাজিত থেকে লিগ শিরোপা জিতেছিল লেভারকুজেন। অপরাজিত থেকেই জিতেছিল জার্মা্ন কাপ। চলতি মৌসুমে লিগে প্রতিপক্ষের মাঠে অপরাজিত রয়েছে তার দল; স্পর্শ করেছে বায়ার্ন মিউনিখের ৩৩টি অ্যাওয়ে ম‍্যাচ অপরাজিত থাকার রেকর্ড। 

বায়ার্নের পেছনে থেকে লিগ শেষ করছে লেভারকুজেন। তবে টানা দুই মৌসুম প্রতিপক্ষের মাঠে না হারার কীর্তি গড়ার দুয়ারে তারা। মাইন্সের মুখোমুখি হওয়ার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে আলোন্সো বললেন, রেকর্ড নিজেদের করে নিতে উন্মুখ তার দল। 

“হ্যাঁ, ফুটবলীয় লক্ষ‍্যের দিক থেকে তো অবশ‍্যই চাই আমরা। এটা হবে খুব, খুব অর্থবহ, যদি আমরা সেটা করতে পারি। পুরো দুটি মৌসুম প্রতিপক্ষের মাঠে না হারা হবে বিশেষ কিছু, যদিও এটা সহজ হবে না। তবে আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করতে চাই।”

“আমরা যথেষ্ট সময় পেয়েছি বিদায় বলার, তাই আমরা সবার জন‍্যই ভালো একটা অনুভূতি নিয়ে শেষ করতে চাই।”

মৌসুম শেষে রেয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। সব কিছু ইঙ্গিত করছে, সান্তিয়ার্গো বের্নাবেউয়ে নিজের সাবেক কোচের স্থলাভিষিক্ত হবেন আলোন্সো। তবে মৌসুম শেষ হওয়ার আগে পরবর্তী গন্তব‍্য নিয়ে কোনো মন্তব‍্য করতে চান না তিনি। 

“আমার মনে হয়, এখন সবকিছু আগে ঠিকঠাকভাবে শেষ করাটাই ভালো হবে। আর সব কিছুরই একটা সঠিক সময় থাকে।”