১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুরস্কে প্রথমবার শুরুর একাদশে নেমেই জয়ের নায়ক সালাহ

জোড়া গোল করা মোহামেদ সালাহ আরও দুইবার জালে বল পাঠান, যদিও ওই দুটিতে গোল মেলেনি।

তুরস্কে প্রথমবার শুরুর একাদশে নেমেই জয়ের নায়ক সালাহ
গোলের পর মোহামেদ সালাহর উল্লাস। ছবি: ত্রাবজনস্পর ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 02:25 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

তুরস্কের ক্লাব ত্রাবজনস্পরের জার্সিতে প্রথমবার শুরুর একাদশে নেমেই গোলের খাতা খুললেন মোহামেদ সালাহ। কেবল তাই নয়, জোড়া গোল করে দলকে জয়ের ঠিকানায়ও নিলেন মিশরীয় তারকা।

ঘরের মাঠে রোববার তুর্কি সুপার লিগে ইস্তানবুল বাসেকসেহিরকে ২-১ গোলে হারিয়েছে ত্রাবজনস্পর।

লিভারপুলে ৯ বছরের শিরোপাসমৃদ্ধ অধ্যায় শেষ করে, ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটিতে এই মাসের প্রথম সপ্তাহে যোগ দেন সালাহ। দলটির মৌসুম শুরুর ম্যাচে বদলি হিসেবে নেমে অভিষেক হয় তার। 

আর এদিন শুরুর একাদশে প্রথম নেমে অল্প সময়ের মধ্যেই গোলের দেখা পান তিনি। ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন সালাহ।

বাসেকসেহিরের এল্দর ১৯তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন। 

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে কোনাকুনি শটে আবার জালে বল পাঠিয়ে ব্যবধান গড়ে দেন সালাহ। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন মিশরের এই স্ট্রাইকার।

ম্যাচে আরও দুইবার জালে বল পাঠান সালাহ, তবে প্রথমটির আগে একটি ফাউল সংগঠিত হওয়ায় গোল বাতিল হয়। আর দ্বিতীয়টিতে অফসাইডের কারণে গোল মেলেনি।

তবে ওই দুই গোল করে এবং দলকে জিতিয়ে ত্রাবজনস্পরের সমর্থকদের মন জয় করে নিয়েছেন ৩৪ বছর বয়সী তারকা।