২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের দলে নতুন মুখ শাহরিয়ার ইমন

২৭ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি নাবীব নেওয়াজ জীবন ও শহিদুল আলম সোহেল।

কম্বোডিয়া ও নেপাল ম্যাচের দলে নতুন মুখ শাহরিয়ার ইমন

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 05:57 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

চমকের যে ইঙ্গিত দিয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, তেমন কিছু আদতে দেখা গেল না কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দলে। নতুন মুখ কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ উইঙ্গার শাহরিয়ার ইমন।

আগামী মাসের ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন কাবরেরা।

দলে জায়গা পাননি ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও গোলরক্ষক শহিদুল আলম সোহেল। এশিয়ান কাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন মেরাজ হাসান অপি, পাপন সিং, জাফর ইকবাল ও মাহবুবুর রহমান সুফিল।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে এশিয়ান কাপ বাছাইয়ের দলেও ছিলেন না ফরোয়ার্ড জীবন। সেই বাছাইয়ের প্রস্তুতিপর্বের ক্যাম্পে দেরিতে আসায় তখন তাকে বাদ দিয়েছিলেন কোচ। অভিজ্ঞ এই ফুটবলারের ফেরা হলো না এবারও।

কাবরেরা কদিন আগে বলেছিলেন, চমকপ্রদ কিছু নাম থাকতে পারে দলে। কোচের কথায় ধারণা করা হচ্ছিল, সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দল থেকে হয়তো কেউ কেউ জাতীয় দলে আসতে পারেন। তবে সেই দল থেকে সুযোগ পাননি কেউ। টুর্নামেন্টটির ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।

প্রথমবার জাতীয় দলে ডাকা পাওয়া শাহরিয়ার ইমন গত প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ১৭ ম্যাচ খেলে গোল করেন ২টি। এর মধ্যে আবাহনীর বিপক্ষে ছিল দুর্দান্ত একটি গোল। প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে এসে সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

ডাক পাওয়া খেলোয়াড়দের শুক্রবার সন্ধ্যায় ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজধানীর উত্তরায় বাংলাদেশ পুলিশ এফসির মাঠে হবে অনুশীলন।

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই কাবরেরার দল খেলবে প্রতিপক্ষের মাঠে।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ নাঈম, আশরাফুল ইসলাম রানা, মাহফুজ হাসান প্রীতম।

ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন, ইশা ফয়সাল।

মিডফিল্ডার: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, বিপলু আহমেদ।

ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম।