সবকিছুতেই রাজা হতে চায় আর্সেনাল
কর্নার কিকের মতো নিজেদের ভয়ঙ্কর রূপ মাঠের সবখানে ফুটিয়ে তুলতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ম্যাচে আর্সেনালের সেট-পিস মানেই যেন প্রতিপক্ষের ভয়ের কারণ, বিশেষ করে কর্নার কিকে। এতে তাদের আধিপত্য এতটাই যে, তাদের নামের পাশে সেটে গেছে ‘কর্নার কিং’ তকমা। তবে, শুধু কর্নার কিকে নয়, সবকিছুতেই রাজা হতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
২০২৩-২৪ মৌসুমের শুরু থেকে উত্তর লল্ডনের দলটি কর্নার থেকে ২২টি গোল করেছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে যা সর্বোচ্চ।
সবশেষ গত বুধবারের ম্যাচেও তাই দেখা যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচের গোল দুটি কর্নার থেকেই করেন ইউরিয়েন টিম্বার ও উইলিয়াম সালিবা।
প্রিমিয়ার লিগে পরের ম্যাচে ফুলহ্যামের মাঠে খেলবে আর্সেনাল। শুক্রবার সংবাদ সম্মেলনে আর্তেতা আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, মাঠে সবকিছুতেই সেরা হয়ে ওঠার লক্ষ্য তাদের।
“আমরা সবকিছুতে রাজা হতে চাই, সেট-পিসে বিশ্বসেরা হতে চাই, অনেক ওপরে উঠে চাপ দেওয়ায় বিশ্বের সেরা হতে চাই, মাঠে উন্মুক্ত অংশেও আক্রমণে সেরা হতে চাই।”
“মাঠে সেরা আবহ তৈরি করতে চাই, সবকিছুতে সেরা হতে চাই। এর আগে আমরা খুব বেশি গোল করিনি, খুব বেশি চ্যালেঞ্জ জানাইনি, ২০ বছরে আমরা বড় ম্যাচ জিততে পারিনি। আমরা এখন সবকিছুতে সেরা হতে চাই।”
গত দুই মৌসুমেই প্রিমিয়ার লিগে লম্বা সময় পর্যন্ত শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষদিকে পথ হারিয়ে ফেলে রানার্সআপ হয় সবশেষ ২০০৩-০৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন দলটি।
এবারের লিগে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে চেলসি। শীর্ষে লিভারপুলের পয়েন্ট ৩৫।
সবশেষ বড় কোনো শিরোপা তারা জিতেছে এফএ কাপে, সেটাও ২০১৯-২০ মৌসুমে। আর ২০২৩ সালে দলটি জিতেছিল এফএ কমিউনিটি শিল্ড।
