২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম‍্যাচের শুরুতে মনোযোগ বাড়াতে বললেন বার্সা কোচ

উন্নতির অনেক জায়গা দেখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 03:55 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছে বার্সেলোনার। এখন পর্যন্ত খেলা লিগ ম্যাচের সবগুলো জিতেছে তারা। তবে এতে তৃপ্তির ঢেকুর তুলছেন না হান্সি ফ্লিক। দলের আরও অনেক উন্নতির জায়গা দেখছেন কাতালান ক্লাবটির নতুন কোচ।

শাভি এর্নান্দেসের জায়গায় বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব নেন ফ্লিক। ৫৯ বছর বয়সী এই জার্মানের কোচিংয়ে লা লিগার চলতি আসরে এখন অবধি কোনো ম্যাচ হারেনি স্প্যানিশ ক্লাবটি। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে তারা। পরের দুটি স্থানে ভিয়ারেয়াল ও সেল্তা ভিগো। শিরোপাধারী রেয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে একটিতে জিতে আছে পঞ্চম স্থানে।

ভালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে লিগ মৌসুম শুরু করে গতবারের রানার্সআপরা। একই ব্যবধানে আথলেতিক বিলবাও ও রায়ো ভাইয়েকানোকে হারায় তারা। ঘরের মাঠে শনিবার তাদের প্রতিপক্ষ রেয়াল ভাইয়াদলিদ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক তুলে ধরেন দলের ফুটবলারদের কাছে তার চাওয়া। এই খেলোয়াড়দের সামর্থ্য তার চোখে আকাশচুম্বী।

“দীর্ঘ একটি মৌসুম কাটতে যাচ্ছে এবং আমি প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। বার্সার দিকে মনোনিবেশ করছি, আমরা প্রথম তিনটি ম্যাচে ভালো করেছি এবং আশা করি আগামীকাল জিতব। খেলোয়াড়রা ফিট এবং বিশ্রামে আছে, তারা সত্যিই ভালো অনুশীলন করছে এবং আমি খুশি। আমরা আমাদের শক্তি এবং খেলা সম্পর্কে আমাদের ভাবনায় বিশ্বাস করি।” 

“অবশ্যই, আমাদের অনেক কিছুতে উন্নতি করতে হবে, যেমন ম্যাচের শুরু থেকে মনোযোগ ধরে রাখা এবং ছন্দ পাওয়ার জন্য ১০ মিনিট অপেক্ষা না করা। প্রথম মিনিট থেকেই আত্মবিশ্বাসী থাকা, খেলোয়াড়দের কাছ থেকে এটাই প্রত্যাশা করি। এসবকে মৌলিক দিক মনে হচ্ছে, তবে আমরা যেভাবে খেলতে চাই তার জন্য এসবই মূল বিষয়। এই দলের মান আকাশছোঁয়া, যা দুর্দান্ত ব্যাপার।”