২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে কোনো কিছু হতে পারে’, এখনও আশায় আনচেলত্তি

বার্সেলোনার শিরোপা নিশ্চিত হতে পারে বৃহস্পতিবারই, তবু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 11:03 AM

Updated : 26 Aug 2026, 12:43 PM

শিরোপা থেকে বার্সেলোনার দূরত্ব ছিল স্রেফ ৪০ সেকেন্ডের মতো। তবে শেষ মুহূর্তে গোল করে নাটকীয় জয়ে চিরপ্রতিদ্বন্দ্বিদের অপেক্ষা বাড়িয়ে তুলেছে রেয়াল মাদ্রিদ। সেই অপেক্ষার অবসান হতে পারে অবশ্য পরদিনই। তবু হাল ছাড়ছেন না কার্লো আনচেলত্তি। অভাবনীয় কিছুর আশায় আছেন রেয়াল মাদ্রিদ কোচ।

রেয়াল মার্য়োকার বিপক্ষে বুধবার রেয়াল মাদ্রিদ পয়েন্ট হারালেই লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। ঘরের মাঠে একাদশ মিনিটেই পিছিয়ে পড়ে রেয়াল। সেই ব্যবধান রয়ে যায় ৬৭ মিনিট পর্যন্ত। পরে কিলিয়ান এমবাপের দারুণ ফিনিশিংয়ে ম্যাচে ফেরে সমতা।

কিন্তু রেয়ালের প্রয়োজন ছিল আরও একটি গোল। শেষ ২০-২৫ মিনিটে আক্রমণের পর আক্রমণ চালায় তারা। কিন্তু গোল আদায় করতে পারছিল না। অসাধারণ কয়েকটি সেভ করে বারবার মায়োর্কাকে রক্ষা করেন গোলকিপার লিওনার্দো রোমান রিকেলমে। 

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় পাঁচ মিনিট। সেই পঞ্চম মিনিটের ২০ সেকেন্ড পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় রেয়াল। মায়োর্কার রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে আলতো করে বল জালে পাঠান হাকোবো রামন। রেয়ালের সেরা একাদশে এ দিনই প্রথম নেমেছিলেন ২০ বছর বয়সী ডিফেন্ডার।

রামনসহ রেয়ালের একাদশের সাতজনই ছিলেন এমন ফুটবলার, সেরা একাদশে যারা নিয়মিত নন। আনচেলত্তি বাধ্য হয়েছিলেন এমন দল সাজাতে। চোটের কারণে ১২ জন ফুটবলার যে মাঠের বাইরে! 

তারপরও ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ছিল রেয়ালেরই। ৭২ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেছে তারা। গোলে শট নিয়েছে ৩৯টি! এর মধ্যে লক্ষ্যে ছিল ১৩টি। মায়োর্কার গোলকিপার আটকে দিয়েছেন ১১টিই।

ভাঙাচোরা দল নিয়ে শেষ পর্যন্ত জিততে পেরেই খুশি আনচেলত্তি। দলের হার না মানা মানসিকতার প্রশংসা তার কণ্ঠে। পাশাপাশি ফুটে উঠল একটু আক্ষেপও। 

“১২ জন ফুটবলার চোটের কারণে বাইরে থাকার পরও আমরা হাল ছাড়িনি। এরকম জয় খুবই বিরল। ম্যাচটি আমরা জিততে পেরেছি দলের মানসিকতার কারণে। ফুটবলাররা মাঠে নেমে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে। আমরা আজকে যেভাবে ৪০টি (৩৯টি) শট নিয়েছি গোলে, কোনো দলকে তা করতে দেখিনি।”

“এত এত ফুটবলারের অনুপস্থিতিতেও আমরা কাজটা করতে পেরেছি। যারা মাঠে নেমেছে, অসাধারণ প্রচেষ্টা মেলে ধরেছে তারা। অন্য অনেক ম্যাচে ও মৌসুমজুড়ে আমরা যদি এরকম মানসিকতা দেখাতে পারতাম, তাহলে এবারের মৌসুম আরও ভালো হতে পারত।”

লিগের শিরোপার ফয়সালা রেয়াল এ দিনের মতো ঠেকিয়ে রাখতে পারলেও বৃহস্পতিবার এস্পানিওলের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। আনচেলত্তি তবু আশা ছাড়তে চান না। 

“আমরা আস্থা রাখি নিজেদের কাজে। বাকি যা আছে, জিততে চাই এবং দেখতে চাই কী হয়…। বার্সাকে অবশ্যই হারতে হবে… তবে যে কোনো কিছুই তো হতে পারে। আমরা এখনও লড়াইয়ে আছি।”

অভাবনীয় কিছু হোক বা না হোক, মৌসুম শেষে রেয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন আনচেলত্তি। ক্লাবের ইতিহাসের সফলতম কোচ এই ম্যাচের আগেই বলেছিলেন, রেয়ালকে আজীবন লালন করবেন হৃদয়ে। ম্যাচ শেষেও সেই অনুভূতির কথা আবার বললেন ব্রাজিলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা কোচ।

“সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদের বেঞ্চে যখনই বসেছি, প্রতিটি মুহূর্তই আমার কাছে স্পেশাল। এই মানসিক তৃপ্তি ও প্রশান্তি নিয়ে যাচ্ছি আমি যে, আমার যা করার সামর্থ্য ছিল, সবটুকু করতে পেরেছি এখানে, আমার দল শেষ মিনিট পর্যন্ত জয়ের চেষ্টা করে, আজকে যেমন করেছে।”

রেয়ালের দায়িত্বে আর দুটি ম্যাচেই থাকবেন আনচেলত্তি। রোববার তাদের লড়াই সেভিয়ার মাঠে, পরের রোববার ঘরের মাঠে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে।