১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আগের ভুল শুধরে সেমি-ফাইনালের জন্য প্রস্তুত বাংলাদেশ

সতীর্থদের একটা পরিবার হয়ে খেলার বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

আগের ভুল শুধরে সেমি-ফাইনালের জন্য প্রস্তুত বাংলাদেশ
ফাইনালে ওঠার লড়াই সামনে রেখে নিজেদের শাণিয়ে নিচ্ছেন ফয়সাল-মুর্শেদরা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 06:29 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

গ্রুপ পর্ব শেষের পর সময় মিলেছে মাত্র এক দিন। এই অল্প সময়েই অবশ্য প্রতিপক্ষ নেপালের শক্তি-দুর্বলতা খুঁজে কৌশল সাজিয়ে ফেলেছেন কোচ গোলাম রব্বানি ছোটন। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য দল প্রস্তুত বলে জানালেন বাংলাদেশ কোচ।

ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বেলা ৪ টায়।

‘বি’ গ্রুপের রানার্সআপ হওয়া নেপালকে হালকাভাবে নিচ্ছে না ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃহস্পতিবার প্রস্তুতির ফাঁকে কোচ ছোটন জানালেন, গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরিকল্পনা।

“আল্লাহর রহমতে, দেশবাসীর দোয়ায় আমরা ভালোভাবেই গ্রুপ পর্ব শেষ করে সেমি-ফাইনালে এসেছি। যে সময়টা আমরা এর মধ্যে পেয়েছি, ছেলেরা ভালোভাবে রিকভারি করেছে, শারীরিক ও মানসিকভাবে। ছেলেরা পুরোপুরি প্রস্তুত সেমি-ফাইনালের জন্য। নেপাল ভালো দল, আমরাও ভালো, সেমি-ফাইনালও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব।”

“গ্রুপ পর্ব শেষ করে আমরা যে সময় পেয়েছি, সেটা পুরোপুরি কাজে লাগিয়েছি। এই সময়টায় নেপালের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করেছি। আমাদের যে দুর্বলতা ছিল, কাজ করেছি সেগুলো নিয়েও।”

শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের শুরুটা হয় হোঁচট খেয়ে। দুই গোলে এগিয়ে গিয়ে মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্র করে দল। পরের ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেরা চারে ওঠে যুবারা। 

গত আসরে নেপালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার দুই দলের দেখা হচ্ছে সেরা চারের মঞ্চে। এ ম্যাচে সবার মধ্যে দলীয় প্রচেষ্টা দেখতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

“সেমি-ফাইনালের আগে শেষ প্র্যাকটিস সেশন হয়েছে। আগামীকাল সেমি-ফাইনালে আমাদের প্রতিপক্ষ নেপাল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে, সবাই একটা দল হয়ে, পরিবার হয়ে বাংলাদেশের জন্য খেলতে পারি।”