সার্ভিসেস কাবাডিতে নৌবাহিনীই সেরা
এক পয়েন্টের ব্যবধানে পুলিশকে পেছনে ফেলে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।
সার্ভিসেস কাবাডির শিরোপা জন্য পুলিশের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর লড়াই দারুণ জমেছিল। শেষ পর্যন্ত ১ পয়েন্টের ব্যবধানে ট্রফি জিতে নিল নৌবাহিনী।
জাতীয় কাবাডি স্টেডিয়ামে রোববার লিগের শেষ ম্যাচে নৌবাহিনী ৩০-৩০ পয়েন্টে ড্র করে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শিরোপা জিতল তারা। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ পুলিশ।
পুলিশের সামনে সুযোগ ছিল শিরোপা জয়ের। কিন্তু দিনের শুরুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপক্ষে ৩০-৩০ পয়েন্টে ড্র করে বসে তারা। তাতে শিরোপা ধরে রাখার পথ সহজ হয়ে যায় নৌবাহিনীর।
বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন বিজিবি এ আসরে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।
