ছন্দহারা নিউক্যাসলকে পেয়েও স্বস্তির কিছু দেখছেন না বার্সেলানা কোচ
চ্যাম্পিয়ন্স লিগে কোনো দলকে অবহেলা করলেই পস্তাতে হতে পারে, সতর্ক হান্সি ফ্লিক।
ঘরোয়া লিগে সময়টা একদমই ভালো কাটছে না নিউক্যাসল ইউনাইটেডের। অনেকে তাই দলটির বিপক্ষে বার্সেলোনার আসছে লড়াইকে তুলনামূলক সহজ ধরে নিয়েছে। তবে কাতালান ক্লাবটির কোচের ভাবনা পুরোই ভিন্ন।
ইউরোপ সেরার প্রতিযোগিতার শুক্রবারের ড্রয়ে শেষ ষোলোয় মুখোমুখি পড়েছে এই দুই দল। মৌসুমের শুরুতেই একবার দেখা হয় দল দুটির; ম্যাচটি ২-১ গোলে জিতেই আসরে যাত্রা শুরু করে বার্সেলোনা।
এবার লড়াইটা অবশ্য দুই লেগের, নকআউট পর্বে। তাই আবহও থাকবে ভিন্ন।
লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে শনিবার মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠল নিউক্যাসল ম্যাচের প্রসঙ্গ। উত্তর দিতে গিয়ে শুরুতেই আগের ম্যাচের উদাহরণ টানলেন ফ্লিক।
“নিউক্যাসলের দারুণ একটা দল আছে, সেখানে গিয়ে আমরা সেটা বুঝতে পেরেছি। সবসময় আপনার প্রতিপক্ষকে সম্মান করতে হবে; কারণ সবাই ফাইনালে উঠতে চায় এবং তারাও তাই চায়।”
“চ্যাম্পিয়ন্স লিগে (সফল হতে) আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে সব দলই খুব ভালো এবং দারুণ মানসম্পন্ন।”
এবার মৌসুমের শুরু থেকেই অবশ্য কক্ষচ্যুত নিউক্যাসল। প্রিমিয়ার লিগে টানা তিনটি ম্যাচ তারা একবারই জিততে পেরেছে, গত মাসে। তারপর থেকে গত ছয় রাউন্ডে মাত্র একটি জিতেছে দলটি, হেরেছে চারটি। বিপরীতে বার্সলোনা আছে দারুণ ছন্দে, লা লিগায় টেবিলের শীর্ষে আছে তারা।
শেষ ষোলোয় প্রত্যাশিত জয় পেলেও বার্সেলোনা কোয়ার্টার-ফাইনালে লড়বে আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। কয়েকদিন আগে কোপা দেল রেতে আতলেতিকোর বিপক্ষেই সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ফ্লিকের দল।
“আমরা যদি শেষ ষোলোর বাধা টপকাতে পারি, তাহলে (পরের ধাপে) খেলতে হবে আতলেতিকো কিংবা টটেনহ্যামের বিপক্ষে, সেটাও খুব কঠিন হবে। এই সুযোগ পাওয়াটাই চমৎকার ব্যাপার, তবে আমাদের সব দলকে সম্মান করতে হবে।”
