Published : 11 Sep 2026, 06:58 PM
মরক্কোয় নির্মিতব্য বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম, জন্মভূমি পর্তুগালের লিসবন নাকি স্পেনের প্রিয় সান্তিয়াগো বের্নাবেউ- কোথায় আগামী ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে চান জুজে মরিনিয়ো? শুরুতে লিসবনের কথা বললেও রেয়াল মাদ্রিদ কোচের পক্ষপাত তার বতর্মান ক্লাবের ঘরের মাঠের দিকেই।
২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজিত হবে বলে দাবি করেছে দেশটির ফুটবল ফেডারেশন, যা নাকচ করে দিয়েছে ফিফা। অন্য দুই সহ-আয়োজক স্পেন ও পর্তুগালও ফাইনাল আয়োজনে মুখিয়ে আছে।
ফিফা বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হবে ‘যথাসময়ে।’ শুক্রবার রেয়ালের সংবাদ সম্মেলনে মরিনিয়োর কাছে জানতে চাওয়া হয় কোথায় ফাইনাল হওয়া উচিত।
“কোথায় ফাইনাল হওয়া উচিত আর কোথায় আমি চাই, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ক্ষমা করবেন (হাসি)। আমি চাই এটা লিসবনে হোক।
“আমি রেয়াল মাদ্রিদের কোচ, এর জন্য এই উত্তর দিচ্ছি না। আমার উত্তর হবে, আপনি যদি লেজেন্ডারি, ঐতিহাসিক স্টেডিয়ামে খেলতে পারেন, যেখানে ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড় খেলেছে… সেক্ষেত্রে এটা এখানে হওয়া উচিত। আমি যদি বেনফিকার কোচ থাকতাম, তাহলেও এটাই বলতাম।”