২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

লেস্টার ছেড়ে পাকাপাকিভাবে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা

ধারে কয়েকটি ক্লাবে আগে খেললেও ক্যারিয়ারের পুরোটা সময় তার মূল দল ছিল লেস্টার সিটি।

লেস্টার ছেড়ে পাকাপাকিভাবে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা
ছবি: লেস্টার সিটি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 03:58 AM

Updated : 16 Sep 2026, 01:02 PM

শৈশবের ক্লাব লেস্টার সিটির সঙ্গে দুই দশকের বেশি সময়ের সম্পর্কের ইতি টেনে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী।

লেস্টার সিটি রোববার বাংলাদেশের এই তারকা মিডফিল্ডারের দল বদলের বিষয়টি নিশ্চিত করেছে।

আট বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেন হামজা। পরে এই ক্লাবের যুব দল হয়ে মূল দলে অভিষেক হয় তার। 

প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন দলটি থেকে ধারে বার্টন অ্যালবিওন ও ওয়ার্টফোর্ডের হয়ে খেলেন তিনি। ধারের চুক্তিতেই ২০২৪-২৫ মৌসুমে খেলেন শেফিল্ডে। এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরে খেলা দলটিতে পাকাপাকিভাবে নাম লেখাচ্ছেন হামজা।

লেস্টার বিবৃতিতে তাকে তার ভবিষ্যৎ জীবনের জন্য জানিয়েছে শুভকামনা।

“লেস্টার সিটির হয়ে ২১ বছরের যাত্রা শেষে স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী।

“এর আগে ধারে ব্লেডসের (শেফিল্ড) হয়ে খেলেছেন চৌধুরী, দলটির হয়ে ২০২৪-২৫ মৌসুমে ১৬টি ম্যাচ খেলেন তিনি। আমরা হামজাকে শূভকামনা জানাই।”

লেস্টার সিটির হয়ে মোট ১৬৫টি ম্যাচ খেলেছেন হামজা, ক্লাবটির হয়ে জিতেছেন ২০২১ সালের এফএ কাপ ও ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা খেলেছেন ইংল্যান্ড অনূধ্ব-২১ দলে। পরে আন্তর্জাতিক ফুটবলে মায়ের দেশ বাংলাদেশকে বেছে নেন তিনি।

২০২৫ সালের মার্চে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার, ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে। সেই থেকে লাল-সবুজ জার্সিতে ১০টি ম্যাচ খেলে চারটি গোল করেছেন ২৮ বছর বয়সী তারকা।