সুপার কাপে খুব ভালো ফুটবলের প্রতিশ্রুতি দিলেন না এনরিকে
বিশ্বকাপের জন্য খেলোয়াড়রা দেরিতে ক্লাবে ফেরায়, প্রস্তুতিতে ঘাটতির কথা বললেন পিএসজির কোচ।
উয়েফা সুপার কাপ ধরে রেখে নতুন মৌসুম শুরু করতে মরিয়া পিএসজি। তবে, অ্যাস্টন ভিলার বিপক্ষে আসছে লড়াইয়ে খুব ভালো মানের ফুটবলের আশা করছেন না ফরাসি চ্যাম্পিয়নদের কোচ লুইস এনরিকে।
সালসবুর্কে বুধবার রাত ১টায় ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিলার মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। গত মৌসুমে টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে সুপার কাপ জিতেছিল তারা।
টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির লক্ষ্য আরেকটি ইউরোপীয় সুপার কাপ। যদিও যথাযথ প্রস্তুতি নিতে পারেনি তারা। মাত্র তিন সপ্তাহ আগে শেষ হওয়া বিশ্বকাপে অংশ নেয় দলটির ১৫ জন খেলোয়াড়। শিরোপাজয়ী স্পেন দলে খেলে দলটির মিডফিল্ডার ফাবিয়া রুইস। সেমি-ফাইনালে খেলা ফ্রান্স দলে ছিলেন পাঁচ জন।
তাই, ভিলার বিপক্ষে খুব ভালো মানের ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন না এনরিকে।
“এখানে থাকতে পেরে আমরা সন্তুষ্ট, কারণ এর অর্থ আমরা গত মৌসুমে ভালো করেছি। তবে প্রস্তুতির কথা বললে, সার্বিক পরিস্থিতি খুব কঠিন ছিল। আন্তর্জাতিক খেলোয়াড়রা কিছুদিন আগে ফিরেছে। ফরাসি, স্প্যানিশ ও মরক্কোর খেলোয়াড়রা সোমবার ফিরেছে। ব্রাজিল ও পর্তুগালের খেলোয়াড়রা এক সপ্তাহ আগে, ৩ তারিখ ফিরেছে। (ঠাসা) সূচির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
“আগামীকাল খুব ভালো মানের ফুটবলের কথা ভাবলে, আসলে এটা কঠিন হবে। আমাদের কিছু খেলোয়াড় বলতে গেলে অনুশীলন করেইনি। তবে যারা অনুশীলন করেছে, আগামীকাল তারা খেলবে। প্রস্তুতির বিবেচনায়, এমনটা হওয়া উচিত নয়।”
আগামী রোববার লঁসের বিপক্ষে ফরাসি সুপার কাপ ধরে রাখার লড়াইয়ে নামবে পিএসজি। প্রস্তুতির খুব ঘাটতি থাকলেও, এত সমস্যার মাঝেও ক্লাবের কেবিনেটে আরও ট্রফি যোগ করতে চান এনরিকে।
“আমরা নিজেদের জন্য উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছি, এবং আমরা সেটা করার চেষ্টা চালিয়ে যাব। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে মৌসুমের জন্য তৈরি হচ্ছি। মৌসুমের শুরুর চেয়ে আমরা মৌসুম শেষে সেরা অবস্থায় থাকতে চাই।”
