বায়ার্নের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য ‘প্রস্তুত’ পিএসজি
টানা ১৫ ম্যাচ জিতে উড়তে থাকা বায়ার্ন মিউনিখকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি কোচ লুইস এনরিকে।
মাঠে নামলেই জয়- বায়ার্ন মিউনিখের জন্য এখনকার গল্পটা এমনই। টানা ১৫ ম্যাচ জিতে উড়ছে জার্মান চ্যাম্পিয়নরা। তাদের বিপক্ষেই এবার খেলতে হবে পিএসজিকে। ম্যাচটি যে কঠিন হতে যাচ্ছে, জানেন লুইস এনরিকে। তবে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাই বললেন ফরাসি দলটির কোচ।
পিএসজির জন্য একটি অনুপ্রেরণাও অবশ্য আছে। বায়ার্নকে সবশেষ হারের তেতো স্বাদ দিয়েছে যে তারাই। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে গত জুলাইয়ে দুই দলের লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল পিএসজি।
ওই হারের পর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলে ১৫ ম্যাচের সবকটিতে জিতেছে বায়ার্ন। এর মধ্যে বুন্ডেসলিগায় জিতেছে প্রথম ৯ ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন ও পিএসজি দুই দলই জিতেছে প্রথম তিন ম্যাচে। দুই দলের গোল ব্যবধানও সমান। গতবারের শিরোপা জয়ী পিএসজি আছে শীর্ষে, বায়ার্ন দুইয়ে।
এগিয়ে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি হবে এই দুই দল। প্যারিসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
পিএসজি তাদের সবশেষ আট ম্যাচে অপরাজিত আছে। ঘরের মাঠে এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী এনরিকে।
“আমার মনে হয়, এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে তাদের বিপক্ষে খেলা ম্যাচটির মতোই একটি ম্যাচ হবে। অবশ্যই একইরকম তীব্র লড়াই হবে। সেই অর্থে, উভয় দলের জন্যই ম্যাচটি হবে খুব আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ী।”
“ইউরোপের সেরা কে হবে, তা দেখার জন্য আমাদের মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এটা স্পষ্ট যে, তারা খুব শক্তিশালী। তারা সবসময়ই শক্তিশালী, বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাদের টানা ১৫ জয় অবিশ্বাস্য। আমরা জানি এই ম্যাচ কতটা কঠিন হবে, তবে আমরা প্রস্তুত।”
