২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন বড় স্বপ্ন দেখাই যায় সাবিনা-আফিদাদের নিয়ে!

পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র এবং এরপর দলে কোচ-সিনিয়র-জুনিয়র খেলোয়াড়দের ত্রিমুখী টানাপোড়েন সামলে, ভারতকে পুড়িয়ে দেওয়া সাবিনা-মারিয়াদের নিয়ে আশাবাদী এখন হওয়াই যাই।

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 10:12 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

ভারতের মেয়েরা গা গরম করতে মাঠে নেমে শুরুতে নিজেদের মধ্যে হাই-ফাইভ দিলেন চক্রাকারে দাঁড়িয়ে। দলীয় ঐক্য ফুটে উঠল সে দৃশ্যে। সাবিনা-শামসুন্নাহাররা মাঠ ঢুকে ছবির জন্য পোজ দিলেন এক-দুজন, এরপরই শুরু করলেন ওয়ার্ম-আপ। ভারতের খেলোয়াড়রা ওয়ার্ম-আপ সেশন করতালিতে মুখরিত করে রাখলেন, বাংলাদেশ তখন থমথমে, কোচ পিটার জেমস বাটলারকে দেখা গেল বরাবরের মতোই চুপচাপ।

এরপর মাঠে লড়াই যখন শুরু হলো, একটু একটু করে ফুটে উঠতে লাগল সিনিয়র-জুনিয়রদের মধ্যে বিভেদের দেয়াল ভেঙে গেছে। কোচের সাথে টানাপোড়েনও নেই আগের মতো। ম্যাচ শুরুর আগের এই দৃশ্যের সাথে শেষের ছবির তাই নেই কোনো মিল। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন সাবিনা-মনিকা-মারিয়া-আফিদারা। দলের মধ্যে ‘সিনিয়র্স বনাম জুনিয়র্স’ দ্বন্দ্ব উধাও হয়ে গেল নিমিষেই। মনে পড়ল জনপ্রিয় এক পানীয়ের সেই বিজ্ঞাপণ-নো সিনিয়র্স, নো জুনিয়র্স।

কোচ পিটার জেমস বাটলার অবশ্য চমক দিয়েছিলেন, আগের দিন। বলছিলেন, সেরা একাদশ তিনি সাজাবেন গতবারের উইমেন’স সাফ জয়ী খেলোয়াড়দের নিয়ে, কিন্তু দেখা গেল ‘জুনিয়র’ আফিদা খন্দকার আছেন দলের রক্ষণভাগে। আফিদাই অষ্টাদশ মিনিটে চোখ ধাঁধানো এক শটে জাতীয় দলের হয়ে গোলের খাতা খোলেন, বেঁধে দেন ম্যাচের সুরও। সেই সুর বাজতে থাকে ঘড়ির কাঁটার প্রতিটি ঘুর্ণনে।

রক্ষণে পাকিস্তান ম্যাচে আলো ছড়ালেও কোহাতি কিসকুকে রাখেননি বাটলার, তার বদলে খেলান সাফ জয়ী মাসুরা পারভীনকে, ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের পারফরম্যান্স দুর্দান্ত নয়, তবে অনেকদিন পর চেনা মাসুরাকে দেখে খুশি বাটলার, খুশি উইমেন’স সাফ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকরাও।

সাফের গত আসরে চার গোল করা এবং গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে গোল পাওয়া কৃষ্ণা রানী সরকারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাটলার। পাকিস্তান ম্যাচে এই ফরোয়ার্ডকে তিনি নামিয়েছিলেন অধিনায়ক সাবিনা খাতুনের বদলি হিসেবে; ৭০তম মিনিটে। কিন্তু কোচ সিদ্ধান্ত বদলান শেষ মুহূর্তে, কৃষ্ণার বদলে তহুরা খাতুনের উপর রাখেন আস্থা। দারুণ দুই গোলে প্রতিদানও দেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।

ঘড়ির কাঁটায় তখন ম্যাচের ৩৫তম মিনিট। সাবিনা ও শামসুন্নাহার দারুণ আক্রমণ শাণালেও ফিনিশিং দিতে পারলেন না। সেই আক্রমণ থেকে ঋতুপর্ণার ক্রসে দূরের পোস্ট থাকা তহুরা বুক দিয়ে বল ঠেলে দেন জালে। এরপর ৪২তম মিনিটে বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন কোনাকুণি শটে স্কোরলাইন ৩-০ করেন তহুরা। 

গত সাফে এই স্কোরলাইন বাংলাদেশ করেছিল ৫২ মিনিটে, সেটা এবার হয়ে যায় ১০ মিনিট কম সময় নিয়ে! প্রথমার্ধের শেষ দিকে বালা দেবি ব্যবধান কমান বটে, কিন্তু ম্যাচের লাগাম থাকে বাংলাদেশের মুঠোয়।

এই লাগাম মুঠোয় নেওয়ার সব চেষ্টাই করেছে ভারত। কিন্তু মনিষা, অভিজ্ঞ বালা দেবিদের আক্রমণের সামনে পাহাড়সমান দৃঢ়তা নিয়ে ছিলেন রূপনা চাকমা। গত সাফে সেরা গোলরক্ষক হওয়া রূপনা ভারত ম্যাচে শুরুর দিকে একটু গড়বড় করে ফেলেছিলেন বটে, কিন্তু পরে তিনি চেনা রূপে পোস্ট সামলে বাংলাদেশকে রাখেন দারুণ জয়ের পথে।

জয়ের আনন্দ আসলে কত কিছুই না ভুলিয়ে দেয়! সিনিয়র-জুনিয়র, কোচ-খেলোয়াড়দের অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, টানাপোড়েন, অনৈক্য- সবকিছু যদি ভারতের বিপক্ষে এই জয় ভুলিয়ে দেয়, ভাঙিয়ে দেয়, তাহলে মেয়েদের মুকুট ধরে রাখার অভিযান যে ছুটবে অবিশ্বাস্য গতিতে, নেপালে এসে আবারও প্রাপ্তির হিমালয়ের চূড়ায় পৌঁছুতে পারবে বাংলাদেশ, সেই আশা তো এখন করাই যায়।