অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড গোল করায় ৫০০ পাউন্ড ক্ষতি গ্রিলিশের
গোল করা নিয়ে রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে বাজি ধরেছিলেন এই উইঙ্গার।
সতীর্থের গোলের জন্য আর্থিক ক্ষতি! বিষয়টা অভাবনীয় হলেও, সেটাই হয়েছে জ্যাক গ্রিলিশের সঙ্গে। গোল করা নিয়ে রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে বাজি ধরে হেরে গেছেন এই উইঙ্গার।
হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে রোববার নেশন্স লিগের ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইংল্যান্ড। ম্যাচের পর সামনে এসেছে দুই ইংলিশ ফুটবলারের বাজির ঘটনা।
ম্যানচেস্টার সিটির এই উইঙ্গারের গোলেই এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে ফ্রি-কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ে তৃতীয় গোলটি করেন ডেকলান রাইস।
ম্যাচের পর আইটিভির সঙ্গে কথা বলার সময় বাজির প্রসঙ্গ সামনে আনেন গ্রিলিশ।
“মজা করেই আমি বলেছিলাম, যদি গোল করতে পার তো তোমাকে ৫০০ পাউন্ড দেব। আর সে স্রেফ উপরের কোণা দিয়ে গোল করল। আমি তার কাছে ঋণী।”
জয়ে ফেরায় খুশি গ্রিলিশ। তবে ম্যানচেস্টার সিটি তারকা মনে করেন, ব্যবধান আরও বড় হতে পারত।
“আমার মনে হয়, আমরা আরও বেশি (গোল) করতে পারতাম। বিশেষ করে শেষ দিকে, যখন ম্যাচ উন্মুক্ত হয়ে পড়েছিল।”
“প্রথমার্ধে কিছু কিছু সময় কঠিন ছিল। শেষ দিকে সেট পিস থেকে গোল হজম করে আমরা কিছুটা হতাশ। আমাদের জয় প্রয়োজন ছিল, সেদিক থেকে খুশি।”
