ব্রাজিলের জয়ে হাফিনিয়ার চোট শঙ্কা
বিরতির পর আর মাঠে নামানো হয়নি বার্সেলোনা অধিনায়ককে।
দুর্দান্ত ছন্দে থাকা হাফিনিয়াকে হারানোর শঙ্কায় পড়েছে বার্সেলোনা। ডান ঊরুতে সমস্যা অনুভব করায় ম্যাচ শেষ করতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। বিরতির পর তার জায়গায় এন্দ্রিককে খেলান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রিজবেনে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ৪-২ গোলে জেতে ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে সফল স্পট কিকে জালের দেখা পান হাফিনিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয়ার্ধে বার্সেলোনা তারকার না খেলার ব্যাখ্যা দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ), “ডান ঊরুতে অস্বস্তিবোধ করায় স্ট্রাইকার হাফিনিয়ার জায়গায় বিরতিতে বদলি নামানো হয়।”
এ নিয়ে টানা তিনবার দেশের হয়ে খেলার সময় চোটে ছিটকে যাওয়ার শঙ্কা হাফিনিয়ার সামনে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে খেলার সময় চোট পেয়ে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর বিশ্বকাপে হাইতির বিপক্ষে খেলার সময় ফের চোট পান তিনি।
বিস্তারিত কিছু জানানো হয়নি এখনও। তবে হাফিনিয়ার চোটের যে ইতিহাস, তাতে আন্তর্জাতিক বিরতিতে অধিনায়কের এমন কিছু একদমই দেখতে চায়নি বার্সেলোনা। ক্লাবের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ১৪ গোল করেছেন হাফিনিয়া।
বিরতির ঠিক আগে পা ফস্কে পড়ে যান হাফিনিয়া। সেখান থেকেই চোট পেতে পারেন তিনি।
আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় গেতাফে ও জিরোনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই দুই ম্যাচের মাঝে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলবে পিএসজির বিপক্ষে।
জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করে এবার ভারতে যাবে ব্রাজিল। আগামী শনিবার কলকাতায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল।
