১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডকে উড়িয়ে স্পেনের প্রথম জয়

১৩ মিনিটের মধ্যে দুই গোল করে শুরুতেই সুইজারল্যান্ডকে চাপে ফেলে দেয় নেশন্স লিগের শিরোপাধারী স্পেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 03:14 AM

Updated : 26 Aug 2026, 10:26 AM

আক্রমণ আর পাল্টা-আক্রমণের ঢেউ উঠল প্রথমার্ধে। দুই গোলে এগিয়ে যাওয়ার পর স্পেন ধাক্কা খেল ডিফেন্ডার হবাঁন লুঁ নুহমাঁ সরাসরি লাল কার্ড দেখায়। স্প্যানিশদের চেপে ধরে ব‍্যবধান কমাল সুইজারল্যান্ড। এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে স্পেন ফিরল আগ্রাসী রূপে। নেশন্স লিগের চলতি আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল লুইস দে লা ফুয়েন্তের দল।

জেনেভায় রোববার ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের খেলায় স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতার শিরোপাধারীরা। জোড়া গোল করেছেন ফাবিয়ান রুইস; অন্য দুই গোলদাতা হোসেলু ও ফেররান তরেস।

সার্বিয়ার বিপক্ষে গোলশূন‍্য ড্র করে মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছিল স্পেন। এক ঘণ্টারও বেশি সময় এক জন কম নিয়ে খেলেও এবার দাপুটে জয় তুলে নিল তারা। অন্যদিকে সুইজারল্যান্ড পেল টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ।

আগের ম্যাচে জালের দেখা না পাওয়া স্পেন গোল আদায় করে নেয় চতুর্থ মিনিটেই। পায়ের কারিকুরিতে রক্ষণের পাহারা এড়িয়ে বক্সে ঢুকে বাইলাইনের একটু উপর থেকে ক্রস বাড়ান লামিনে ইয়ামাল। দুই ডিফেন্ডারের মাঝে থাকা হোসেলুর হেড পেরিয়ে যায় গোললাইন। এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মাতে স্পেন।

তিন মিনিট পরই সতীর্থের আড়াআড়ি ক্রসে বেসির ওমেরাগিচ নিখুঁত টোকায় জালে বল জড়িয়ে সমতার আনন্দে মাতেন। কিন্তু ভিএআর চেকে ধরা পড়ে আক্রমণের শুরুতে হয়েছিল হ্যান্ডবল। সুইসদের সমতার স্বস্তিও উবে যায় মুহূর্তেই।

ত্রয়োদশ মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় শিরোপাধারীরা। বাম দিক দিয়ে আক্রমণ শাণানো নিকো উইলিয়ামস বডি ডজে ডিফেন্ডারকে ছিটকে দিয়ে শট নেন, গোলরক্ষক ফেরালেও বল গ্লাভসে জমাতে পারেননি। ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন রুইস।

২০তম মিনিটে সতীর্থের লং ক্রস ধরে ব্রিল এমবোলো ছুটছিলেন, তাকে পেছন থেকে টেনে ধরে ফেলে দেন ‘লাস্ট ম্যান’ লুঁ নহমাঁ, রেফারি তাকে দেন সরাসরি লাল কার্ড। বলের নিয়ন্ত্রণ নিতে ছোটার সময় এমবোলো অফসাইডে ছিলেন, স্পেনের এই দাবির মুখে ভিএআর চেক করেন রেফারি। দাবি না টেকায় দশ জনের দলে পরিণত হয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ওই ফাউলের কারণে বক্সের উপর থেকে দারুণ ফ্রি কিক নিয়েছিলেন জেকি আমদৌনি, কিন্তু বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপিয়ে ফিরে। হতাশা বাড়ে ডেনমার্কের কাছে ২-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা সুইজারল্যান্ডের। 

৪০তম মিনিটে রুবেন ভারগাসের কোনাকুনি শট ঝাঁপিয়ে কর্নার করে দেন গোলরক্ষক। সেই কর্নার থেকে সতীর্থের হেড পাসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন জেকি। ম্যাচে ফেরার উপলক্ষ্য পেয়ে যায় সুইসরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ইয়ামালের হাতে বল লাগার জোরাল দাবি তোলে সুইজারল্যান্ড। কিন্তু রেফারি ভিএআর চেক করেননি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায় বার্সেলোনা ফরোয়ার্ডের হাতে লেগেছিল বল।

দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতিতে দেখা যায় ভাটার টান, কমে আক্রমণের ধারও। ৬৭তম মিনিটে জেকির হেড পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। ৭৭তম মিনিটে তিন জনের মিলিত প্রচেষ্টায় ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। গোলরক্ষক দাভিদ রায়ার লম্বা শট ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন তরেস, বক্সে বাড়ানো তার দারুণ ক্রসে নিখুঁত প্লেসিংয়ে জাল খুঁজে নেন রুইস। 

গোল শোধে মরিয়া হয়ে উপরে উঠে এসে তিন মিনিট পর আরেকটি গোল হজম করে সুইজারল্যান্ড। হোসেলুর থ্রু পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে অনায়াসে স্কোরলাইন ৪-১ করেন তরেস। 

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে স্পেন। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়া ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১ পয়েন্ট নিয়ে সার্বিয়া তৃতীয়। এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি সুইজারল্যান্ড।