রেফারিংয়ের বিরুদ্ধে বার্সার অভিযোগ খারিজ উয়েফার
কাতালান ক্লাবটির অভিযোগকে অগ্রহণযোগ্য বলেছে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে রেফারিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে লাভ হয়নি বার্সেলোনার। তাদের আবেদন খারিজ করে দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত বুধবার আতলেতিকোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ওই ম্যাচের ৫৪তম মিনিটে ঘটে বিতর্কিত এক কাণ্ড। যা নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে কাতালান ক্লাবটি।
মেত্রোপলিতানোয় মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো। এদিনই বার্সেলোনার অভিযোগ নাকচ করে দেওয়ার কথা জানায় উয়েফা।
আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুসো বক্সে সতীর্থ মার্ক পুবিলকে পাস দেন। দেখে মনে হচ্ছিল, খেলা শুরু। কিন্তু বল হাত দিয়ে ধরে ফের গোলরক্ষককে পাস দেন পুবিল, যিনি আগেই একটি হলুদ কার্ড পেয়েছিলেন।
তখনই পেনাল্টির দাবি জানায় বার্সেলোনা। কিন্তু রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাসচ কোনো সাড়া দেননি। ভিএআর এর দায়িত্বে থাকা জার্মান রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্টও বিষয়টি এড়িয়ে যান। এনিয়ে ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এটাকে স্পষ্ট ‘পেনাল্টি ও পুবিলের লাল কার্ড’ পাওয়ার মতো কাজ বলেন তিনি।
পরে গত বৃহস্পতিবার উয়েফার কাছে অভিযোগ করে বার্সেলোনা। এই ঘটনার তদন্তের দাবি জানায় তারা। একই সঙ্গে রেফারিদের কথোপকথন শোনার অনুমতিও চায় লা লিগা চ্যাম্পিয়নরা।
বার্সেলোনার অভিযোগকে অগ্রহণযোগ্য বলে খারিজ করে দিয়েছে উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি।
