২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেভারকুজেন ম্যাচে অনিশ্চিত কেইন

ঊরুর চোটে ভুগছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 07:03 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

অস্বস্তি নিয়ে যখন মাঠ ছাড়লেন হ্যারি কেইন, তখনই জাগে শঙ্কা। এবার জানা গেল, ঊরুতে চোট পেয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার। জার্মান কাপে বায়ার লেভারকুজেনের বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুব একটা নেই।

কেইনের ঊরুর পেশিতে চোট পাওয়ার কথা রোববার জানিয়েছে বুন্ডেসলিগার ক্লাব বায়ার্ন।

লিগের সবশেষ ম্যাচে শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই চোট পান কেইন। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের ৩৩তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন এবারের বুন্ডেসলিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করা স্ট্রাইকার।

পরদিন তার চোটের কথা নিশ্চিত করে বায়ার্ন। দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, জার্মান কাপ চ্যাম্পিয়ন লেভারকুজেনের বিপক্ষে কেইনকে নিয়ে শঙ্কার কথা। মঙ্গলবারের ম্যাচটির জন্য তার ফিট হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ।

জার্মান সংবাদ মাধ্যমের খবর, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ইংলিশ অধিনায়ক কেইনকে।