ফ্র্যাঞ্চাইজি হকিতে ওয়ালটন ও কুমিল্লার টানা হার
দুই দলই টানা দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে উঠল ম্যাচ। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল রূপায়ন সিটি কুমিল্লা, কিন্তু সাইফ পাওয়ার গ্রুপ খুলনার বিপক্ষে পরে পাত্তা পেল না তারা। দিনের অন্য ম্যাচে কুমিল্লার মতো টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেয়েছে ওয়ালটন ঢাকাও।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বুধবার কুমিল্লাকে ৩-১ গোলে হারায় খুলনা। এ ম্যাচে চারটি গোলই হয় চতুর্থ কোয়ার্টারে।
৫০তম মিনিটে তানজিম আহমেদের ফিল্ড গোলে এগিয়ে যায় খুলনা। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে কুমিল্লাকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড কিম সুং ইয়োব।
এরপর এক মিনিটের মধ্যে জোড়া গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেন খুলনার অস্ট্রেলিয়ান খেলোয়াড় মর্টিজ ফ্রে।
অন্য ম্যাচে বরিশালের কাছে ৪-২ গোলে হেরে যায় ওয়ালটন ঢাকা। তাদের শুরুটা অবশ্য হয়েছিল আশা জাগানিয়া। সপ্তম মিনিটে সুনিলের গোলে এগিয়ে যায় ঢাকা।
সাত মিনিট পর রোমান সরকারের হিটে সমতায় ফিরে বরিশাল। এরপর ফিতরি বিন সারি ও আখিমুল্লাহ ইশোকের গোলে ম্যাচে চালকের আসনে বসে তারা।
তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলামের গোলে ম্যাচে কিছুটা উত্তাপ ফেরায় ঢাকা। কিন্তু ৪১তম মিনিটে পিসি থেকেই লক্ষ্যভেদ করে বরিশালের জয়ে ফেরা নিশ্চিত করে দেন মামুনুর রহমান চয়ন।
