Published : 13 Jan 2026, 03:39 PM
বার্সেলোনার বিপক্ষে হারের পর শাবি আলোন্সোর বিদায়ের ঘটনা ভালোভাবে নেননি হোর্হে ভালদানো। রেয়াল মাদ্রিদের সাবেক ক্রীড়া পরিচালকের অভিযোগ, ক্লাব থেকে মোটেও সমর্থন পাননি স্প্যানিশ কোচ।
জেদ্দায় গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারে রেয়াল।
পর দিন ইউরোপের সফলতম ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে আলোন্সোর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে। রেয়ালের ‘বি’ দলের দায়িত্বে ছিলেন ক্লাবের এই ডিফেন্ডার।
সাত মাসেই রেয়ালে শেষ হয়ে গেল কোচ আলোন্সোর অধ্যায়। মুভিস্টারে ভালদানো অভিযোগ করলেন, এই সময়টায় ক্লাবের সমর্থন সেভাবে পাননি বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার।
“প্রথম দিন থেকে তাকে আমি অস্থিতিশীল অবস্থায় দেখেছি। সে কখনও ক্লাবের সমর্থন পায়নি। বড়দিনে নিজের বক্তব্যে তার নাম উচ্চারণ করেননি ফ্লোরেন্তিনো। আমার কাছে এটাকে ঝামেলা মনে হয়েছে।”
রেয়ালের খেলার ধরণ, দলটির পরিস্থিতি, নিজেদের ঘরানার ফুটবল খেলতে সক্ষম এমন সেন্ট্রাল মিডফিল্ডার থাকার গুরুত্ব ব্যাখ্যা করেন ভালদানো। বারবার চেয়েও এই ধরনের মিডফিল্ডার আলোন্সো পাননি বলে খবর স্প্যানিশ গণমাধ্যমের।
একজন খেলোয়াড় ফিরে তো আরেকজন চোটের জন্য ছিটকে যান। এই পরিস্থিতি সামলানো সহজ নয়। এ কারণে আলোন্সোর খুব একটা দায় দেখেন না ভালদানো।
“তার অনেক খেলোয়াড় চোট পেয়েছে। দলের একজন সেন্ট্রাল মিডফিল্ডার প্রয়োজন ছিল, যে দলটাকে টেনে নিয়ে যাবে। আমরা সবাই জানি, এটা কতটা গুরুত্বপূর্ণ।”
“তালিকা করলে দেখবেন, অনেক দল যখন সেন্ট্রাল মিডফিল্ডারকে হারিয়েছে, নিজস্ব ঘরানা থেকে দূরে সরে গেছে। রেয়ালের সেই খেলোয়াড় নেই। আলোন্সো চেষ্টা করেছে কিন্তু সেই খেলোয়াড় তার ছিল না।”