২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার পেনাল্টিতে ভিএআর বিভ্রাট নিয়ে বিতর্ক

ভিএআর ঠিকমতো কাজ করলে হয়তো সেই পেনাল্টি পেত না বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ম্যাচ শুরুর আগেই দুই দলকে জানিয়ে দেওয়া হয়, এই ম্যাচে ঠিকঠাক কাজ করবে না ভিএআর। কিন্তু বড় সিদ্ধান্ত যখন বিপক্ষে যায় আর তা বড় ভূমিকা রাখে ম্যাচের ভাগ্য নির্ধারণে, তখন তো নিজেদের সামলে রাখাও কঠিন। বার্সেলোনার বিপক্ষে ম্যাচে যেমন বারবারই উত্তেজিত হতে দেখা গেল রায়ো ভাইয়েকানোর ফুটবলারদের। 

লা লিগার ম্যাচটি রোববার ড্র হয় ১-১ গোলে। মৌসুমের তৃতীয় ম্যাচে প্রথম পয়েন্ট হারায় চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ভাইয়েকানোর মাঠে ম্যাচের ৪০তম মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সেলেনা। মূল বিতর্ক সেই গোল নিয়েই।

ইয়ামালকেই ভাইয়েকানোর ডিফেন্ডার পেপ চাভাররিয়ার চ্যালেঞ্জ থেকে পেনাল্টি পায় বার্সেলোনা। তবে ওই মুহূর্তে কাজ করছিল না ভিএআর। রেফারি তাই মনিটর দেখার সুযোগ পাননি। রিপ্লেতে দেখা যায়, ইয়ামালের উরুর সঙ্গে চাভাররিয়ার সংযোগ হয়েছিল বটে, তবে সেটা পেনাল্টি দেওয়ার মতো অতটা গুরুতর নয়। রিভিউ হলে হয়তো পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়ে যেত।

ভিএআর ত্রুটিপূর্ণ থাকার কথা আগেই জানানো হয়েছিল দুই দলকে। তবে রেফারি মাতেও বুসকেতসের ওই পেনাল্টি সিদ্ধান্তের পর থেকে ম্যাচের পরিবেশই পাল্টে যায়। ম্যাচের বাকি সময়টায় আবহ উত্তেজনাময়। ভাইয়েকোনোর বিপক্ষে যাওয়া প্রতিটি সিদ্ধান্তেই গ্যালারি থেকে তুমুল দুয়ো দেন দর্শকেরা। মাঠেও ফুটবলারদের প্রতিবাদ করতে দেখা যায় বারবার।

৬৭তম মিনিটে গোল শোধ করে একটি পয়েন্ট পায় ভাইয়েকানো।

বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়া ছয়টি সেভ করে দলকে একটি পয়েন্ট এনে দেন।

ম্যাচ শেষে ভিএআর নিয়ে প্রশ্ন করা হলো বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককে। ভিএআর না থাকার সুবিধা নিয়ে জয়ের ব্যাপারটি তিনি পাত্তা দিলেন না। 

“যা হওয়ার তা হয়েছে, এখানে কোনো অজুহাত নেই...জানি না, সেখানে কী হয়েছিল। তবে ভিএআর তো দুই দলের জন্যই ছিল না। এসব দেখা আমার কাজও না।”