২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামিদুল

ভারত ম্যাচের আগে কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের সাথে মানিয়ে নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইতালিয়ান ফরোয়ার্ড।

সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামিদুল
সৌদি আরবে চলমান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালির সেরি ডিতে খেলা ফরোয়ার্ড ফাহামেদুল ইসলাম (বাঁ থেকে তৃতীয়)। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 01:16 AM

Updated : 26 Aug 2026, 11:59 AM

অনুমিত সময়েই বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলাম। ইতালির সেরি ডিতে খেলা এই ফরোয়ার্ড কোচ হাভিয়ের কাবরেরার কৌশলের সাথে মানিয়ে নিতে দুই সপ্তাহ সময় পাচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই জানিয়েছিল, ১০ মার্চ ক্যাম্পে যোগ দিতে পারেন ফাহামিদুল। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ওলবিয়া কালসিওর ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে বর্তমানে সৌদি আরবে নিবিড় অনুশীলন করছে দল।

৩০ জনের ক্যাম্পের দলে এখনও যোগ দেননি শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের আগামী ১৭ বা ১৮ মার্চ দলে যোগ দেওয়ার কথা রয়েছে।