ব্রাজিলকে হারিয়ে এমবাপে বললেন, ‘সামনে ছুটছি আমরা’
ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিকে স্রেফ একটি প্রীতি ম্যাচ হিসেবে দেখেননি ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে।
ফিফার খাতায় ম্যাচটির আনুষ্ঠানিক পরিচয় ‘প্রীতি ম্যাচ।’ তবে ম্যাচের আগেই কিলিয়ান এমবাপে দলকে বলেছিলেন, এই লড়াইটি আসলে প্রীতি ম্যাচের চেয়েও অনেক বেশি কিছু। বিশ্বকাপের আগে নিজেদের অবস্থা পরখ করার সুযোগ। সেই পরীক্ষায় ভালোভাবে উতরে গিয়ে সামনের পথচলায় প্রেরণা পাচ্ছেন ফরাসি এই ফরোয়ার্ড।
বস্টনে বৃহস্পতিবার এমবাপের নান্দনিক চিপ শটে প্রথমারর্ধে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের দশম মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার দায়ু উপামেকানো। তবু খেই হারায়নি তারা। উল্টো ব্যবধান বাড়ায় একটু পরই। পরে ব্রাজিল একটি গোল ফিরিয়ে দিলেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।
ফ্রান্সের দীর্ঘদিনের কোচ দিদিয়ে দেশম ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেলেন এই প্রথম।
গত নভেম্বরে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপ বাছাই শেষ করেছে ফ্রান্স। ৬ ম্যাচের ৫টিতে তারা জিতেছে, ড্র করেছে বাকিটি। এখন বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পালা। সেই পরিক্রমায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। ম্যাচের পর এমবাপের কণ্ঠে ফুটে উঠল সেটিই
“আমাদের জন্য এটা কোনো প্রীতি ম্যাচ ছিল না। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তা দেখার জন্য ব্রাজিলের বিপক্ষে খেলতে পারা একটা দারুণ সুযোগ। এই ধরনের ম্যাচ খেলতে পারাটা দারুণ ব্যাপার।”
“ম্যাচের আগে বলেছিলাম যে এই ম্যাচ থেকে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। তাই কপটতা করব না এবং ম্যাচটিকে বিশ্বকাপ ফাইনালের মতো করে দেখব।”
সেই লড়াইয়ে নিজেদের মেলে ধরতে পেরে খুশি এমবাপে। তবে বেশি খুশি তিনি বিশ্বকাপের আগে ব্রাজিলের মতো দলের সঙ্গে খেলতে পেরেই।
“আমরা মাঠে সৃষ্টিশীলতা দেখিয়েছি এবং নিজেদের দৃঢ়তা বজায় রেখেছি। সামনের দিকে ছুটছি আমরা। আমি শুধু মাঠে থাকতে এবং খেলতে চেয়েছি। প্রতিটি বাচ্চাই বেড়ে ওঠার সময় ফ্রান্স-ব্রাজিল ম্যাচ খেলার স্বপ্ন দেখে। খুব ভালো করেই জানি, এটা কত বড় প্রাপ্তি।”
পরের প্রীতি ম্যাচে রোববার সেনেগালের বিপক্ষে খেলবেন এমবাপেরা।
