১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপের গোল আশা দেখাচ্ছে আরবেলোয়াকে

ব‍্যবধান ১ গোলে নামিয়ে আনতে পারায় বায়ার্ন মিউনিখের মাঠে রেয়াল মাদ্রিদের ভালো সুযোগ দেখছেন কোচ।

এমবাপের গোল আশা দেখাচ্ছে আরবেলোয়াকে
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ঘরের মাঠে হেরে সব আশার শেষ দেখছেন না আলভারো আরবেলোয়া। রেয়াল মাদ্রিদ কোচ মনে করছেন, ১ গোলের ব‍্যবধান বায়ার্ন মিউনিখের মাঠে ঘুচিয়ে দেওয়া অসম্ভব কিছু নয়। 

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ২-১ গোলে হেরেছে রেয়াল। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে হারায় ইউরোপের সফলতম দলটি পড়ে গেছে বিদায়ের শঙ্কায়। 

প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে এগিয়ে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের ২০ সেকেন্ডের মধ‍্যে ব‍্যবধান দ্বিগুণ করেন হ‍্যারি কেইন। আসরের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপের গোলে ব‍্যবধান কমায় রেয়াল। 

ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ আরবেলোয়া বললেন, এখনও লড়াইয়ে টিকে আছেন তারা। 

“আমরা স্রেফ এক গোল পিছিয়ে আছি। যে কোনো জায়গায় জেতার সামর্থ‍্য আমাদের আছে। ২-০ ব‍্যবধানে পিছিয়ে থাকলে কাজটা খুব কঠিন হতো… আমি (ভিনিসিউস জুনিয়রকে) বলছিলাম, ওই ১ গোল আমাদের লড়াইয়ে টিকিয়ে রাখবে। আমরা এখনও লড়াইয়ে আছি। কারণ, মাদ্রিদ যে কোনো জায়গায় জিততে পারে।”

দেড় দশকের মধ‍্যে প্রথমবার বায়ার্নের বিপক্ষে হেরে ভাগ‍্যকে দুষলেন আরবেলোয়া। 

“দ্বিতীয়ার্ধে ভাগ‍্য আরেকটু সহায়ক হলে হয়তো এই হারটা আমরা এড়াতে পারতাম। আমরা দুটি ভুল করেছি, দুইবার বল হারিয়েছি, যেগুলো আমরা এড়াতে পারতাম। এই ধরনের দলের বিপক্ষে এমন ভুল করলে এর মাশুল আপনার দিতে হবে।” 

“(এমবাপের) গোল আমাদের আশা দেখাচ্ছে… এটা সহজ হবে না। তবে যদি কোনো দল মিউনিখে জিততে পারে তো সেটা রেয়াল মাদ্রিদ।”