কী ঘটবে নকআউট পর্বে?
জমজমাট কিছু লড়াইয়ের হাতছানি আসন্ন বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপে।
বিশ্বকাপের ড্র শেষে প্রাথমিকভাবে গ্রুপের লড়াই নিয়েই ভাবে সবাই। তবে কেউ কেউ সেই সীমানা ছাড়িয়ে সামনেও তাকান। বোঝার চেষ্টা করেন পরবর্তী প্রতিপক্ষ কারা হতে পারেন। যে কোনো দলই অবশ্য এই হিসাব এলোমেলো করে দিতে পারে।
ধরে নেওয়া যাক, বড় দলগুলো নিরাপদে সেরা ৩২ এ খেলা নিশ্চিত করল। সেক্ষেত্রে গ্রুপ পর্ব ও সেরা ৩২ পেরিয়ে সেরা ষোলোয় লড়াই দারুণভাবে জমে উঠতে পারে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়েই যেমন মুখোমুখি হতে পারে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স।
২০১৪ আসরের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের এই দুই পরাশক্তি। জার্মান ডিফেন্ডার মাটস হুমেলসের গোল সেবার ব্যবধান গড়ে দিয়েছিল দুই দলের মধ্যে।
শেষ পর্যন্ত এবারও তারা মুখোমুখি হলে, ওই ম্যাচের জয়ী দল মুখোমুখি হতে পারে নেদারল্যান্ডসের। এরপর, ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে পড়তে পারে স্পেন।
অন্যদিকেও আছে তুমুল লড়াইয়ের হাতছানি। কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হতে পারেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো! এর জন্য আর্জেন্টিনা ও পর্তুগালের নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। একই সঙ্গে জিততে হবে শেষ ৩২ ও শেষ ষোলোর লড়াই।
হিসেবে একটু গড়বড় হলে শেষ ৩২-এ দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা ও স্পেনের! তবে এই পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে।
এবারের আসরে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের কেবল দুটি দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে- ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এই লড়াইয়ের জয়ী দল গ্রুপ সেরা হয়ে শেষ ৩২-এ পেতে পারে সহজ প্রতিপক্ষ।
ব্রাজিল নিজেদের গ্রুপে সেরা হলে, শেষ ৩২-এ খেলতে পারে জাপান কিংবা তিউনিসিয়ার বিপক্ষে। তবে রানার্সআপ হলে খেলতে হতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে।
