২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে ‘পরীক্ষা’ কাবরেরার

কাউকে পুরো ৯০ মিনিট, কাউকে ৬০ মিনিট খেলার সুযোগ দিয়ে দলের শক্তি-দুর্বলতা খুঁজে বের করছেন বাংলাদেশ কোচ।

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে ‘পরীক্ষা’ কাবরেরার
নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 08:29 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

সৌদি আরবে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার চাওয়া পূরণ হওয়ার কোনো ইঙ্গিত নেই। তবে হাভিয়ের কাবরেরাও হাত-পা গুটিয়ে বসে থাকছেন না। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেই দলের শক্তি-দুর্বলতা খুঁজে বের করছেন বাংলাদেশ কোচ।

শিলংয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে নিবিড় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

এই সফরে সুদান, ম্যাকাও ও তাইয়েফের স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা জানিয়েছিল বাফুফে। কিন্তু এখনও কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। কাবরেরা তাই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে ম্যাচ আয়োজন করে ঘাটতি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

“এই ধরনের অনুশীলন ম্যাচের সুযোগ পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্তত ৬০ মিনিট খেলার সুযোগ পাওয়াও খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ, কেউ কেউ ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছে। ঢাকা থেকে যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম, সেটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য এটা ভালো সুযোগ।”

“এমনকি যারা ক্যাম্পে নতুন, তাদেরও এটা আত্মবিশ্বাস বাড়াবে। তো এটা আসলেই ইতিবাচক। ছেলেদের প্রচুর প্রাণশক্তি ছিল, যে কৌশল নিয়ে কাজ করছি, সেটা প্রয়োগের চেষ্টা করেছি আমরা। সব মিলিয়ে আমি তাদের নিয়ে খুশি।”

দলে জায়গা পাওয়ার লড়াইয়ের মধ্যে ইতিবাচক দিক দেখার কথা আগেই বলেছিলেন কাবরেরা। এবার বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা জানিয়েছেন, আক্রমণভাগে জায়গা পাওয়ার লড়াই উপভোগ করছেন তিনি।

“সবকিছু নিখুঁত আছে। সবাই সুস্থ আছে। আশা করি, সবকিছু ভালোই হবে, ইনশাল্লাহ। দলে সিনিয়র রাকিব (হোসেন) ভাই আছেন, (শেখ) মোরসালিন ভাই আছেন, নতুন খেলোয়াড় আল আমিন আছে, জায়গা পাওয়া কঠিন হবে, কিন্তু নাম্বার নাইন হিসেবে আমি এখানে জায়গা পেতে লড়াই করব। ইনশাল্লাহ খেলার চেষ্টা করব।”

আক্রমণভাগের মতো রক্ষণেও জায়গা পাওয়া লড়াই জমছে বেশ। তপু বর্মন, কাজী তারিক রায়হানের মতো অভিজ্ঞরা রয়েছে। তরুণ শাকিল আহাদ তপুও বলছেন, জায়গা পেতে চেষ্টার ত্রুটি রাখবেন না তিনি।

“সৌদিতে এই প্রথম ক্যাম্প করছি আমি। এর আগেও আমি জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছি এবং সৌদিতে এসে আমার ভালো লাগছে। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছে, সেভাবে খেলার চেষ্টা করছি। সব মিলিয়ে ভালো। আমার পজিশনে সিনিয়র খেলোয়াড়রা আছে, তারা অনেক দিন ধরে খেলছে। তাদের অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করব, নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার এবং দলে জায়গা করে নেওয়ার।”