২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোল করার ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ দিয়াস

আশরাফ হাকিমিকে করা সেই ফাউলের জন্য বড় সাজা পেতে হচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন মিউনিখের উইঙ্গারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 11:26 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানির আশা পূরণ হলো না। অল্প সাজায় পার পেলেন না তার দলের ফুটবলার লুইস দিয়াস। দুর্দান্ত ফর্মে থাকা উইঙ্গারকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য।

গত ৫ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকে করা গুরুতর ফাউলের জন্য এই শাস্তি দেওয়া হলো দিয়াসকে।

পিএসজির মাঠে ওই ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল করেন দিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে নেয় বায়ার্ন।

পিএসজি পরে নিশ্চিত করে, অ্যাঙ্কেলে চোট পেয়েছেন হাকিমি। ওই ম্যাচের পরে আর মাঠে নামতে পারেননি এই ফুল ব্যাক। গত বুধবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার নিতে মঞ্চে ওঠেন তিনি খুঁড়িয়ে।

দিয়াসের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে কম্পানি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, “আমার কাছে যা তথ্য আছে, তাকে এক ম্যাচের জন্যই নিষিদ্ধ করা হয়েছে… আমার পাওয়া তথ্য ঠিক না হলে হতাশই হব।”

সেই হতাশাই তাকে পেতে হয়েছে শেষ পর্যন্ত। আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগে পরের দুটি ম্যাচেও দিয়াসকে পাবে না বায়ার্ন। 

বুন্ডেসলিগায় ও চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অসাধারণ শুরু করেছে বায়ার্ন। বুন্ডেসলিগায় ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্র নিয়ে শীর্ষে তারা, চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে চার ম্যাচের সবকটি। সব মিলিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়ে তারা শুরু করেছে মৌসুম।