এমবাপে-বেলিংহ্যামকে ছাড়াই আরবেলোয়ার প্রথম পরীক্ষা
রেয়াল মাদ্রিদের নতুন কোচের প্রথম ঘোষিত স্কোয়াডে ফরোয়ার্ড হিসেবে রাখা হয়েছে কেবল তিন জনকে।
নিয়মিতদের অনেককে ছাড়াই কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের জন্য স্কোয়াড সাজিয়েছেন রেয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া। সুযোগ পেয়েছেন ক্লাবের রিজার্ভ দলের বেশ কয়েকজন ফুটবলার।
প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার দ্বিতীয় স্তরের দল আলবাসেতের মুখোমুখি হবে রেয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দিয়ে রেয়ালের ডাগআউটে অভিষেক হবে আরবেলোয়ার।
এদিনই ঘোষণা করা হয়েছে রেয়ালের ২০ জনের স্কোয়াড। যেখানে ফরোয়ার্ড হিসেবে রাখা হয়েছে কেবল তিন জনকে- ভিনিসিউস জুনিয়র, গন্সালো গার্সিয়া ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া, আন্টোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, অহেলিয়া চুয়ামেনি, কিলিয়ান এমবাপে, রদ্রিগোদের বিশ্রাম দেওয়া হয়েছে। এদের মিলিতাও, ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, ফেরলঁদ মঁদিরা চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন।
হাঁটুর চোটে নতুন বছরে দলের প্রথম দুই ম্যাচে বাইরে থাকার পর, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন এমবাপে। গত রোববার ম্যাচটি ৩-২ গোলে হারের পরদিনই কোচের পদ থেকে সরে দাঁড়ান শাবি আলোন্সো। এর পরপরই ক্লাবের ‘বি’ দলের কোচ আরবেলোয়াকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
লা লিগায় আগামী শনিবার লেভান্তের মুখোমুখি হবে রেয়াল। কাপ ম্যাচে নিয়মিত সবাইকে রেখে হয়তো ঝুঁকি নিতে চাননি নতুন কোচ।
১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগে রেয়াল আছে দুই নম্বরে, শিরোপাধারী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।
