২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ কি মনে করে সে ভুল করেছে, প্রশ্ন লিভারপুল কোচের

মোহামেদ সালাহর সঙ্গে কথা বলতে আপত্তি নেই আর্না স্লটের, কিন্তু তিনি জানতে চান সমাধানের উদ‍্যোগ কার নেওয়া উচিত।

সালাহ কি মনে করে সে ভুল করেছে, প্রশ্ন লিভারপুল কোচের
লিভারপুল কোচ আর্না স্লট (বাঁয়ে) ও মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

চ‍্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের জয়ের পর মোহামেদ সালাহর ভবিষ‍্যৎ নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সমস‍্যা সমাধানের জন‍্য উদ‍্যোগ মিশরের এই অভিজ্ঞ ফরোয়ার্ডেরই নেওয়া উচিত কিনা, সেই প্রশ্ন তুলেছেন কোচ আর্না স্লট।  

ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার রাতে সান সিরোয় ১-০ গোলে জিতেছে লিভারপুল। ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ইংলিশ চ‍্যাম্পিয়নরা।

একের পর এক নিষ্প্রভ পারফরম‍্যান্সে লিভারপুলের শুরুর একাদশে জায়গা হারান সালাহ। গত শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম‍্যাচের পর জমে থাকা ক্ষোভ উগড়ে দেন এই তারকা। কোনোরকম রাখঢাক না রেখেই ইঙ্গিত করেন কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার দিকে। বলেন, দলে ‘কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।’ বিস্ফোরক সাক্ষাৎকারের পর দলে জায়গা হারান সালাহ। 

ইন্টারের বিপক্ষে জয়ের পর স্বাভাবিকভাবেই এলো সালাহর প্রসঙ্গ। লিভারপুল কোচ স্বীকার করে নিলেন, মিশরীয় ফরোয়ার্ডের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। 

“আপনি বললেন, সবাই জীবনে কোনো না কোনো ভুল করে, তাহলে প্রথম ব‍্যাপার হলো, ওই খেলোয়াড় কি মনে করে সেও ভুল করেছে?”

“আমি বলিনি যে, আমি তার সঙ্গে কথা বলব না। পরের প্রশ্ন এটা হওয়া উচিত যে, উদ‍্যোগ কার দিক থেকে নেওয়া উচিত আমার নাকি তার। এখন এটা আরেকটা প্রশ্ন।” 

এর অর্থ কি এই যে তিনি চান বরফ গলাতে এগিয়ে আসুক সালাহ, এভাবে জানতে চাইলে স্লট আরেকটু বিস্তারিত বলেন। 

“আমি খুশি যে আপনি এটা জানতে চাইলেন। ক্লেরেন্স (সিডর্ফ) বলেছে, (ব্রডকাস্টে) তার মতে এটা হওয়া উচিত। আমি বলিনি, প্রথম পদক্ষেপ কার নেওয়া উচিত। আজ রাতে কেবল যারা এখানে এসেছে তাদের নিয়েই কথা হওয়া উচিত। লিভারপুলের যে সমৃদ্ধ ইতিহাস তাতে এমন সময় অনেক এসেছে।”

সান সিরোয় আসা সমর্থকরা দলের কঠিন সময়ে যেভাবে কোচকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন সেটা ছুঁয়ে গিয়েছে স্লটকে। 

“ভক্তরা আমার জন‍্য গান গাইছে, এর অর্থ আমার জন‍্য কী, এটা আমার জন‍্য বিশেষ কিছু। কিন্তু আমি বলছি, এটা কেবল আমার ব‍্যাপার নয়, এটা দলের ব‍্যাপার। অনেক সমর্থকই কঠিন সময়ে ক্লাবের প্রতি তাদের সমর্থন দেখিয়েছেন।” 

ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ নম্বরে আছে লিভারপুল। চারে থাকা ক্রিস্টাল প‍্যালেসের চেয়ে তারা কেবল ৩ পয়েন্টে পিছিয়ে। চলতি মৌসুমে স্লটের মূল লক্ষ‍্য এটাই- সেরা চারে থেকে চ‍্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।